কিশোরগঞ্জে ইমামকে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের কুলিয়ারচরে মিজানুর রহমান নামের এক ইমামকে হত্যার পর লাশ বস্তায় ভরে নিয়ে যাচ্ছিল দুর্বৃত্তরা। এলাকাবাসীর নজরে পড়ায় লাশ ফেলে পালায় তারা। গতকাল ভোরে উপজেলার কোনাপাড়া বিলপাড়হাটি এলাকা থেকে তাঁর লাশ উদ্ধার করেছে পুলিশ। জিজ্ঞাসাবাদের জন্য এক নারীকে আটক করা হয়েছে।

মিজানুরের (২৭) বাড়ি কিশোরগঞ্জ সদরের বোলাই গ্রামে। তিনি বিলপাড়হাটি পাঞ্জেগানা মক্তবের ইমাম ছিলেন। পুলিশ জানায়, পাঁচ বছর ধরে তিনি ওই পাঞ্জেগানা মক্তবের ইমাম হিসেবে কর্মরত ছিলেন। রোববার রাত তিনটার দিকে স্থানীয় উসমানপুর ইউনিয়নের কোনাপাড়া বিলপাড়হাটি গ্রামের বাসিন্দা আকরাম হোসেন বাড়ির বাইরে বের হন। এ সময় দেখেন এক যুবক মাথায় একটি বস্তা নিয়ে যাচ্ছেন। সঙ্গে ছিলেন আরেক যুবক। কিছুদূরে একটি মোটরসাইকেল দাঁড় করানো। চোর সন্দেহে দাঁড়াতে বলতেই বস্তা ফেলে যুবকটি দৌড় দেন। পরে বস্তা খুলে মিজানুরের লাশ দেখতে পান আকরাম হোসেন।