ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে কেন্দ্র করে ১০ জেলায় সহিংসতার ঘটনা ঘটেছে। এর মধ্যে কিশোরগঞ্জ সদরের মহিনন্দ ইউনিয়নে নিহত হয়েছেন একজন। এ ছাড়া ৭০ জন আহত হয়েছেন। চার ইউপিতে প্রার্থীদের বাড়িঘর এবং নির্বাচনী কার্যালয়ে হামলা ও ভাঙচুরের অভিযোগও পাওয়া গেছে।
ঢাকার বাইরে থেকে প্রতিনিধি ও আঞ্চলিক কার্যালয়ের পাঠানো খবর:
কিশোরগঞ্জ: জেলার মহিনন্দ ইউনিয়নের বেরুয়াইল গ্রামে রোববার রাত ১২টার দিকে নিজের বাড়ির কাছে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে নিহত হন কৃষক মো. সোহেল মিয়া (৩২)। তিনি মৃত মো. আহাম্মদ মিয়ার ছেলে।
পরিবার জানায়, মহিনন্দ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য পদপ্রার্থী আবদুস ছালামের সমর্থক ছিলেন সোহেল। রোববার রাতে অপর সদস্য প্রার্থী মো. শফিকুল ইসলামের সমর্থকদের সঙ্গে তাঁর বাগ্বিতণ্ডা হয়। এর জেরে সোহেলকে ছুরিকাঘাত করা হয়। কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। সদর মডেল থানার ওসি মীর মোশারফ হোসেন বলেন, ঘটনার রাতেই সন্দেহভাজন পাঁচজনকে আটক করা হয়েছে।
বরিশাল: প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থীদের নিয়ে গতকাল সোমবার ‘জনতার মুখোমুখি’ অনুষ্ঠানের আয়োজন করে সুশাসনের জন্য নাগরিক (সুজন)। অনুষ্ঠানে আওয়ামী লীগের চেয়ারম্যান পদপ্রার্থী মাহতাব হোসেন এবং বিএনপির প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান জিয়াউল ইসলামের মধ্যে কথা-কাটাকাটি হয়। পরে আওয়ামী লীগের প্রার্থীর সমর্থকদের হামলায় অনুষ্ঠান পণ্ড হয়ে যায়।
জিয়াউল ইসলাম বলেন, হামলায় ইউনিয়ন বিএনপির সভাপতি ও তাঁর নির্বাচনী প্রধান সমন্বয়কারী রফিকুল ইসলাম এবং ব্যক্তিগত সহকারী খালিদ নেওয়াজসহ ২০ জন আহত হন।
বরগুনা: বেতাগী উপজেলার মোকামিয়া ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী নাফিসুর রহমানের সমর্থকদের হামলায় বিএনপির প্রার্থী মাহবুব আলম সুজন ও তাঁর সাত সমর্থক আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। বেলা সাড়ে ১১টার দিকে সুজন তাঁর কর্মীদের নিয়ে গণসংযোগে গেলে এ হামলার শিকার হন। এ ছাড়া বামনা উপজেলার ডৌয়াতলা ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মিজানুর রহমানের নির্বাচনী কার্যালয়ে হামলা ও ভাঙচুর হয়েছে।
পিরোজপুর: মঠবাড়িয়া ও জিয়ানগর উপজেলায় রোববার সহিংসতায় ১৩ জন আহত হয়েছেন। অভিযোগ মোতাবেক, মঠবাড়িয়ার টিকিকাটা ইউনিয়নে প্রার্থী মহিউদ্দিন আহমেদ মৃধার সমর্থক শামীম মৃধা ও মুসা মল্লিককে আওয়ামী লীগ প্রার্থীর সমর্থকেরা পিটিয়ে আহত করেন। আওয়ামী লীগ প্রার্থী রফিকুল ইসলামের সমর্থক মাইনুল ইসলামকে পেটান স্বতন্ত্র প্রার্থী হোসাইন মোশারেফের সমর্থকেরা। বড় মাছুয়া ইউনিয়নে বিএনপির প্রার্থী মীর মনিরুজ্জামানের নির্বাচনী কার্যালয় ভাঙচুর করেন আওয়ামী লীগের প্রার্থী নাসির হাওলাদারের সমর্থকেরা।
জিয়ানগর উপজেলার বালিপাড়া ইউনিয়নে প্রচারের সময় ছাত্রলীগ কর্মী মো. মাহাবুব (২৫) ও ইজিবাইক চালক জসিম (২৩) দুর্বৃত্তদের হাতে আহত হন। এ ছাড়া নেছারাবাদ উপজেলার জলাবাড়ি ইউনিয়নে জাতীয় পার্টির (জেপি) প্রার্থী তৌহিদুল ইসলামের নাপিতখালী সেতু-সংলগ্ন নির্বাচনী কার্যালয় রোববার রাতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা।
ময়মনসিংহ: গৌরীপুরের গোবিন্দপুর বাজারে আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে ১০ কর্মী আহত হয়েছেন। বিএনপির এক কর্মীকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
উজিরপুর (বরিশাল): উপজেলার সাতলা ইউনিয়নের নয়াকান্দি গ্রামে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী আ. খালেক আজাদ ও স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী রিয়াজ উদ্দিন মোল্লার সমর্থকদের সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন।
বরগুনা ও ঝালকাঠি: পাথরঘাটা উপজেলার কালমেঘা ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী আবদুল কাদেরের বাড়িতে এবং ঝালকাঠির রাজাপুরের গালুয়া ইউনিয়নে বিএনপির প্রার্থীর নির্বাচনী কার্যালয়ে ভাঙচুর ও লুটের অভিযোগ পাওয়া গেছে।
কুষ্টিয়া: মিরপুর উপজেলায় গতকাল সন্ধ্যায় জাসদের নির্বাচনী প্রচারণা ক্যাম্পে হামলা চালিয়ে ১০টি মোটরসাইকেল ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। এ সময় বাধা দিতে গিয়ে দুই পুলিশ সদস্য আহত হয়েছেন।
মুন্সিগঞ্জ: সিরাজদিখানের কোলা ইউনিয়নে রোববার রাতে আওয়ামী লীগ প্রার্থীর কর্মিসভা চলাকালে বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের সঙ্গে সংঘর্ষে ছয়জন আহত হয়েছেন। একই উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের বিএনপির প্রার্থীর পক্ষে প্রচারণার সময় তাঁর মাইক ভেঙে পানিতে ফেলে দেওয়া হয়েছে।