কিশোরগঞ্জ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের বিরুদ্ধে মোটরসাইকেল ছিনতাইয়ের চেষ্টার অভিযোগে মামলা হয়েছে। গতকাল শুক্রবার মোটরসাইকেলের মালিক উপজেলার কাতিয়ারচর এলাকার মিজানুর রহমান তাঁর বিরুদ্ধে মামলাটি করেন। এ মামলায় কাউন্সিলরকে গ্রেপ্তার করা হয়েছে।
থানার পুলিশ ও মোটরসাইকেলের মালিক মিজানুর রহমান বলেন, গতকাল বেলা সাড়ে ১১টার দিকে মিজানুর মোটরসাইকেল নিয়ে কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক মহাসড়ক দিয়ে নান্দলা এলাকার বড়িবাড়ি এতিমখানা মাদ্রাসায় যাচ্ছিলেন। এ সময় কাতিয়ারচর এলাকার নতুন জেলখানা মোড়ে কাউন্সিলর আশরাফুল আলম (৩৮) তাঁকে বিন্নাটি মোড় পর্যন্ত এগিয়ে দেওয়ার জন্য বলেন। মিজানুর তাঁকে মোটরসাইকেলে তুলে নেন।
কিছু দূর যাওয়ার পর আশরাফুল অস্ত্রের ভয় দেখিয়ে মিজানুরকে মোটরসাইকেল থামাতে বলেন। কিন্তু তিনি না থামিয়ে চালাতে থাকেন। একপর্যায়ে জোর করে তাঁকে নামিয়ে মোটরসাইকেলটি নিয়ে যাওয়ার সময় মিজানুর চিৎকার করতে থাকেন। স্থানীয়রা চিৎকার শুনে ঘটনাস্থলে এসে আশরাফুলকে গণপিটুনি দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আশরাফুলকে থানায় নিয়ে আসে।
এ ব্যাপারে কথা বলার জন্য আশরাফুল আলমের মুঠোফোনে বারবার ফোন করা হলেও তা বন্ধ পাওয়া যায়।