কিশোরগঞ্জে তরুণ ও নারী মতলবে গৃহবধূর লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের ভৈরব উপজেলার মেঘনা রেলসেতুর কাছ থেকে গতকাল সোমবার এক অজ্ঞাতনামা তরুণ এবং সদর উপজেলায় ধানখেতের আল থেকে গত রোববার এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। গত রোববার মতলব দক্ষিণ উপজেলায় জেসমিন আক্তার (২০) নামের এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল বেলা একটার দিকে মেঘনা রেলওয়ে সেতুর ভৈরব প্রান্তের রেললাইনের পাশে অজ্ঞাতনামা তরুণের (২৮) লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী রেল পুলিশকে খবর দেন। পরে পুলিশ এসে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায়। ভৈরব রেলপথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল ইসলাম বলেন, ‘নিহত তরুণের শরীরে আঘাতের চিহ্ন আছে। আমাদের ধারণা, ট্রেন থেকে পড়ে তাঁর মৃত্যু হতে পারে। তাঁর পরনে ফুল হাতা চেক শার্ট ছিল।
আগের দিন বিকেল চারটার দিকে কিশোরগঞ্জ-তাড়াইল সড়কের সদর উপজেলার শোলমারা গ্রামের ধানখেতের আল থেকে এক নারীর (৪০) লাশ উদ্ধার করা হয়। ওই নারীর পরনে শাড়ি এবং কালো বোরকা ছিল।
গত রোববার রাত নয়টায় পুলিশ মতলব দক্ষিণ উপজেলার সারপাড় গ্রামের নাসির প্রধানের স্ত্রী জেসমিন আক্তারের (২০) লাশ ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে থানায় নিয়ে আসে। পুলিশ সূত্রে জানা গেছে, গত মার্চে উপজেলার নওগাঁও গ্রামের মিজানুর রহমানের মেয়ে জেসমিনের সঙ্গে নাসির প্রধানের বিয়ে হয়। জেসমিনের পরিবারের অভিযোগ, বিয়ের পর যৌতুক হিসেবে এক লাখ ৯২ হাজার টাকা দেওয়া হয়। এ টাকায় শ্বশুরবাড়ির লোকজন একটি বসতঘর নির্মাণ করে। ঘরের আসবাব কেনার জন্য তাঁরা জেসমিনকে আরও টাকা আনতে বলেন। টাকা না আনায় ক্ষিপ্ত হয়ে তাঁরা গত রোববার সন্ধ্যায় জেসমিনকে হত্যা করে লাশ ঘরের আড়ার সঙ্গে ঝুলিয়ে রেখে আত্মহত্যার নাটক সাজিয়েছেন। বিষয়টি থানাকে জানালে ওই দিন রাতে পুলিশ সেখান থেকে লাশ উদ্ধার করে। জেসমিনের ভাশুর মো. লিটনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হলেও পরে তাঁকে ছেড়ে দেওয়া হয়।
মতলব দক্ষিণ থানার ওসি কবির হোসেন বলেন, এটি হত্যা না আত্মহত্যা, তা এখন বলা যাবে না। এ ব্যাপারে জেসমিনের ভাশুর লিটনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও কথা বলা সম্ভব হয়নি।