কিশোরগঞ্জে নকল ওষুধ তৈরির কারখানা সিলগালা
কিশোরগঞ্জের বিসিক শিল্পনগরে ‘এমএস ফার্মা’ নামে নকল ওষুধ তৈরির একটি কারখানার সন্ধান পাওয়া গেছে। গতকাল মঙ্গলবার কারখানাটি সিলগালা করে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
আদালত সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল দুপুরে কিশোরগঞ্জের জ্যেষ্ঠ নির্বাহী হাকিম আবু তাহের মো. সাঈদ এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। কারখানায় অভিযান চালিয়ে সেখানে বিভিন্ন কোম্পানির লেবেল লাগিয়ে গবাদিপশুর ভেজাল ওষুধ তৈরির প্রমাণ পাওয়া যায়। কারখানার মালিক মো. ওবায়দুল্লাহকে না পাওয়া গেলেও এ ব্যাপারে বিশেষ ক্ষমতা আইনে মামলা করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন হাকিম আবু তাহের।
কারখানার মালিক ওবায়দুল্লাহ সিলেটের প্রাণিসম্পদ কর্মকর্তা এ বি এম জালাল উদ্দিনের ছেলে। জালাল উদ্দিন প্রায় এক বছর আগে কিশোরগঞ্জ সদর উপজেলায় কর্মরত ছিলেন। কারখানা সিলগালা করার পরপরই আদালত শহরের গাইটাল শিক্ষকপল্লিতে জালাল উদ্দিনের বাসায় যান। সেখানেও ফরমালিনসহ বিভিন্ন কোম্পানির গবাদিপশুর ভেজাল ওষুধের মজুত পাওয়া যায়। তবে এ বিষয়ে কথা বলতে গেলে জালাল উদ্দিনের মুঠোফোন বন্ধ পাওয়া যায়।