কিশোরগঞ্জে যুবককে পিটিয়ে ও কৃষককে কুপিয়ে হত্যা
কিশোরগঞ্জ সদর উপজেলায় গত রোববার আবু সাঈদ নামে এক যুবককে পিটিয়ে ও শ্বাসরোধে হত্যা করেছে দুর্বৃত্তরা। একই রাতে পাকুন্দিয়ায় এক কৃষককে কুপিয়ে হত্যা করা হয়েছে। পাকুন্দিয়ার এগারসিন্দুর গ্রাম থেকে এক অজ্ঞাতনামা নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। একই উপজেলায় ছাত্রলীগের সাবেক এক নেতাকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা।
সদর উপজেলায় খুন হওয়া আবু সাঈদ (৩০) পাটাবুকা এলাকার মো. আফতাব আলীর ছেলে। পাকুন্দিয়ায় খুন হয়েছেন চরকাওনা মইষাকান্দি এলাকার আবদুল মালেক (৬০)। গত রোববার সন্ধ্যা সাড়ে ছয়টায় বিন্নাটি ইউনিয়নের জুগিরখালী এলাকার ধানখেত থেকে তাঁর লাশ উদ্ধার করে পুলিশ। নিহত সাঈদের ছোট ভাই আবুল কালাম জানান, পূর্বশত্রুতার জের ধরে দুর্বৃত্তরা তাঁর ভাইকে বাঁশ দিয়ে পিটিয়ে শ্বাসরোধে হত্যা করে। কিশোরগঞ্জ মডেল থানার ওসি মীর মোশারফ হোসেন জানান, তাঁকে পিটিয়ে ও শ্বাসরোধে হত্যা করা হয়েছে। তবে কেন বা কী কারণে তাঁকে হত্যা করা হয়েছে তদন্তের পর বলা যাবে। এ ঘটনায় আবুল কালাম বাদী হয়ে গতকাল সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।
কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার কৃষক আবদুল মালেককে দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করেছে। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, গত রোববার রাত সাড়ে নয়টার দিকে আবদুল মালেক এলাকার আমতলী বাজার থেকে সবজি বিক্রি করে বাড়িতে যাওয়ার পথে দুর্বৃত্তরা বাড়ির কাছাকাছি মইষাকান্দি এলাকায় তাঁকে কুপিয়ে গুরুতর আহত করে সেখানে ফেলে রেখে যায়। পরে মালেককে তাঁর স্বজনেরা পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে কিশোরগঞ্জ ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে পাঠান। রাত সাড়ে ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মালেক মারা যান।
পাকুন্দিয়া থানার ওসি হাসান আল মামুন জানান, পূর্বশত্রুতার জের ধরে এ ঘটনা ঘটতে পারে। নিহত ব্যক্তির লাশ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
পাকুন্দিয়া থানার পুলিশ গতকাল সকালে উপজেলার এগারসিন্দুর গ্রামের কলাবাগান থেকে এক অজ্ঞাত নারীর (৪৮) লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। তাঁর গায়ে সবুজ রঙের ম্যাক্সি ও কালো রঙের ফুলহাতা জ্যাকেট ছিল।
পাকুন্দিয়া উপজেলার ছাত্রলীগের সাবেক আহ্বায়ক ফরিদ উদ্দিনকে (৪৫) দুর্বৃত্তরা কুপিয়ে ও ছুরিকাঘাত করে গুরুতর আহত করেছে। পুলিশ জানায়, গত রোববার মধ্যরাত ১২টার দিকে ফরিদ উদ্দিন কুমারপুর গ্রাম থেকে মঙ্গলবাড়িয়া গ্রামের বাড়িতে মোটরসাইকেলে আসার পথে দুর্বৃত্তরা মঙ্গলবাড়িয়া এলাকায় তাঁর পথ রোধ করে। পরে তারা ফরিদের ওপর হামলা চালায়।