কিশোরগঞ্জে শহীদ মিনার ভাঙচুর, ৩ ছাত্র গ্রেপ্তার
কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার জঙ্গলবাড়ি উচ্চবিদ্যালয়ের শহীদ মিনার গত মঙ্গলবার রাতে ভাঙচুর করা হয়েছে। এ ঘটনায় করিমগঞ্জ থানায় মামলা হয়েছে। তিন আসামি একই বিদ্যালয়ের অষ্টম শ্রেণির তিন ছাত্রকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার করা ছাত্ররা হলো আনোয়ার হোসেন, রাজু শেখ ও ফরহাদ হাসান। তাদের বাড়ি বিদ্যালয়ের পাশের জঙ্গলবাড়ি এলাকায়। গতকাল বুধবার সকালে তাদের গ্রেপ্তার করা হয়।
এদিকে শহীদ মিনার ভাঙচুরের প্রতিবাদে ও জড়িত ছাত্রদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গতকাল দুপুর ১২টা থেকে বিদ্যালয় মাঠে মানববন্ধন করা হয়। এতে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেন।
পুলিশ ও বিদ্যালয় কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, একুশে ফেব্রুয়ারির দিন সকালে বিদ্যালয়ের কিছুসংখ্যক প্রাক্তন ছাত্র শহীদ মিনারের বেদিতে ছবি তুলতে যান। এ সময় বাধা দিলে শিক্ষকদের সঙ্গে তাদের বাগ্বিতণ্ডা হয়। এর জেরে রাতে শহীদ মিনারটি ভাঙচুর করা হয়।
ঘটনার প্রত্যক্ষদর্শী বিদ্যালয়ের নৈশপ্রহরী আলাউদ্দিন বলেন, ‘মঙ্গলবার রাত প্রায় সাড়ে ১১টার দিকে আটজনের একটি দল শহীদ মিনার ভাঙচুর করে। এ সময় তাদের বাধা দিতে গেলে আমাকে ভয়ভীতি দেখায়। ’
শহীদ মিনার ভাঙচুরের ঘটনায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল কাদির বাদী হয়ে করিমগঞ্জ থানায় মো. শুভ, আনোয়ার হোসেন, রাজু শেখ ও ফরহাদ হাসানসহ অজ্ঞাতনামা আরও পাঁচজনকে আসামি করে মামলা করেন।
করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক মজুমদার বলেন, মামলার অন্য আসামিদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।