কিশোরগঞ্জে ১০ বছরের শিশুকে কুপিয়ে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের সদর উপজেলায় ১০ বছরের এক শিশুকে গতকাল রোববার ভোরে কুপিয়ে হত্যা করেছে তাদের প্রতিবেশী। স্থানীয় লোকজন অভিযুক্ত ব্যক্তিকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছেন।

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় বড় ভাইয়ের হাতে এক ব্যক্তি খুন হয়েছেন। আরেক ঘটনায় সিলেট নগরে এক যুবককে ধাওয়া দিয়ে একদল লোক ছুরিকাঘাত করে হত্যা করেছে।

নিহত ব্যক্তিরা হলেন কিশোরগঞ্জের ফাহিমা আক্তার (১০), সিলেটের সাইফুল ইসলাম (২৪) ও সরিষাবাড়ীর আবদুল মোতালিব (৫০)।

ফাহিমা সদর উপজেলার চৌদ্দশত ইউনিয়নের বগাডুবি গ্রামের নজরুল ইসলামের মেয়ে। সে স্থানীয় আনন্দ স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্রী ছিল। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ফাহিমার বাবা নজরুলের বাড়ি ও বজলু মিয়ার বাড়ি পাশাপাশি। দায়দেনার কারণে পাওনাদারেরা প্রায়ই বজলুর বাড়িতে গিয়ে হানা দিতেন। এ কারণে বজলু নিজের বাড়িতে না থেকে তিন দিন ধরে নজরুলের বাড়িতে থাকতেন।

গতকাল ভোর সাড়ে ৬টার দিকে সবার অলক্ষ্যে বজলু মিয়া ঘুমন্ত ফাহিমাকে দা দিয়ে ঘাড়ের দিকে কোপাতে থাকেন। ফাহিমার ছটফট ও গোঙানির শব্দে পাশে থাকা তার দাদি খোর্শেদা জেগে ওঠেন। তিনি বাধা দিলে বজলু তাঁকেও উপর্যুপরি আঘাত করেন। ঘটনাস্থলে ফাহিমা মারা যায়। খোর্শেদাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

ঘটনাটি এলাকায় জানাজানি হওয়ার পর স্থানীয় লোকজন পালানোর সময় বজলুকে রাস্তা থেকে আটক করেন। পরে পুলিশ গিয়ে বজলুর দেওয়া তথ্য অনুযায়ী হত্যাকাণ্ডে ব্যবহৃত দা উদ্ধার করে।

সদর মডেল থানার ওসি খোন্দকার শওকত জাহান বলেন, কেন হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটেছে, সে ব্যাপারে তাঁরা এখনো নিশ্চিত নন। এ ব্যাপারে বজলুকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মরদেহ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

আবদুল মোতালিব সরিষাবাড়ীর পোগলদিঘা ইউনিয়নের কান্দারপাড়া গ্রামের বাসিন্দা। বড় ভাই উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আবদুল ওয়াহাবের (৬০) সঙ্গে দীর্ঘদিন ধরে তাঁর জমি নিয়ে বিরোধ চলছিল। নিহত মোতালিবের পরিবারের সদস্যরা বলেন, গতকাল বেলা ২টায় আবদুল ওয়াহাব ও তাঁর ছেলেমেয়েরা মোতালিবকে খুন করার জন্য তাঁর বাড়িতে ওত পেতে থাকে। মোতালিব দুপুরে বাড়ির ভেতরে এলেই অতর্কিতে হামলা করা হয়। এ সময় ওয়াহাব, ছেলে মামুন ও মেয়ে শাহনাজ মোতালিবকে মারধর করে। জ্ঞান হারিয়ে ফেললে তাঁরা মোতালিবকে রক্তাক্ত অবস্থায় ফেলে পালিয়ে যায়। পরে পরিবারের লোকজন তাঁকে যমুনা সার কারখানা হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

গত শনিবার রাত সোয়া নয়টার দিকে সিলেটের লামাপাড়া সৈয়দ হাতিম আলী মাজারের কাছে সাইফুলকে হত্যা করা হয়। তিনি নগরের শিবগঞ্জ লামাপাড়া এলাকার আমজদ আলীর ছেলে ।

প্রত্যক্ষদর্শীরা বলেন, রাত সোয়া নয়টার দিকে মাজারের সামনে থেকে কয়েকজন লোক ‘চোর চোর’ চিৎকার দিয়ে ওই যুবককে ধাওয়া করে। একপর্যায়ে একটি দোকানের সামনে গিয়ে তিনি লুটিয়ে পড়েন। তখন তাঁর বুকে ও পিঠ থেকে রক্ত ঝরছিল। ওই দোকানের মালিক বলেন, এ সময় কয়েকজন লোক সাইফুলকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

সিলেট কোতোয়ালি থানার ওসি গৌসুল হোসেন বলেন, কারা, কী কারণে সাইফুলকে হত্যা করেছে, এ বিষয়ে পুলিশ নিশ্চিত না। গতকাল রোববার নিহত সাইফুলের বাবা বাদী হয়ে সিলেট কোতোয়ালি থানায় অজ্ঞাত দুর্বৃত্তদের আসামি করে মামলা করেছেন। পুলিশ খুনিদের চিহ্নিত করতে তদন্ত শুরু করেছে।

[প্রতিবেদন তৈরিতে তথ্য দিয়েছেন নিজস্ব প্রতিবেদক, সিলেট; কিশোরগঞ্জ ও সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি]