কিশোরী ও দুই তরুণকে বেঁধে নির্যাতন
পটুয়াখালীর বাউফল উপজেলার চন্দ্রদ্বীপ ইউনিয়নের চরমিয়াজান বাজারে এক কিশোরী (১৭) ও দুই তরুণকে স্থানীয় আওয়ামী লীগের কার্যালয়ে বেঁধে দিনভর নির্যাতন করা হয়েছে। ওই দুই তরুণ হলেন মো. আল ইসলাম ও মো. সুজন খান (২০)।
আহত দুই তরুণকে প্রাথমিক চিকিৎসা এবং কিশোরীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
চাঁদার দাবিতে ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মো. ছিদ্দিকুর রহমানের নেতৃত্বে কয়েকজন যুবক তাঁদের ওপর ওই অমানবিক নির্যাতন চালিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
স্থানীয় বাসিন্দা সূত্র জানায়, গত রোববার সন্ধ্যার দিকে উপজেলা যুবলীগের প্রভাবশালী এক নেতার নির্দেশে স্থানীয় লোকজন রোববার রাতে তাঁদের উদ্ধার করেন। এর মধ্যে অচেতন অবস্থায় ওই কিশোরীকে ওই রাতেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
নির্যাতনের শিকার আল ইসলাম বলেন, গত শনিবার সন্ধ্যার দিকে তাঁরা চরমিয়াজান বাজার এলাকায় তাঁদের এক আত্মীয়ের বাড়ি বেড়াতে যান। রোববার সকালে কয়েকজন তরুণ ওই বাড়িতে উপস্থিত হয়ে তাঁদের আওয়ামী লীগের স্থানীয় কার্যালয়ে ডেকে নেন। সেখানে নিয়ে ছিদ্দিকুর ও তাঁর চাচাতো ভাই সেলিমসহ চার-পাঁচজন যুবক তাঁদের এলোপাতাড়ি চর-থাপড় মারেন এবং বলেন, ‘তোরা চরে এসে অসামাজিক কাজ করেছিস। মুক্তি পেতে হলে ১০ হাজার টাকা দিতে হবে।’ কিন্তু দাবি করা টাকা দিতে না পারায় তাঁদের বেঁধে বেধড়ক পিটুনি দিয়ে আটকে রাখা হয়। পরে ওই দিন সন্ধ্যার দিকে স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে।
ছাত্রলীগ নেতা মো. ছিদ্দিকুর রহমান অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আওয়ামী লীগ কার্যালয়ে কাউকে বেঁধে নির্যাতন করা হয়নি।’