কিশোরী গৃহপরিচারিকাকে ধর্ষণের অভিযোগ
রাজধানীর তেজগাঁও এলাকায় এক কিশোরী (১৪) ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল বৃহস্পতিবার রাতে ধর্ষণের ঘটনাটি ঘটে। ওই কিশোরীকে আজ শুক্রবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তেজগাঁও থানার উপপরিদর্শক (এসআই) মামুন শাহ বলেন, ওই কিশোরী মনিপুরিপাড়ায় এক বাড়িতে গৃহপরিচারিকা হিসেবে কাজ করত। ওই বাসার গৃহকর্তা শাহজাহান রাতে তাকে ধর্ষণ করেছেন বলে অভিযোগ করেছে ওই কিশোরী। তিনি বলেন, পুলিশ রাত সাড়ে তিনটার দিকে ধর্ষণের শিকার কিশোরীকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। পরে তাকে হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) স্থানান্তর করা হয়। এ ঘটনায় তেজগাঁও থানায় একটি মামলা হয়েছে।
মামলার তদন্ত কর্মকর্তা তেজগাঁও থানার পরিদর্শক (তদন্ত) তাজুল ইসলাম প্রথম আলোকে বলেন, শাহজাহানকে বৃহস্পতিবার রাতেই গ্রেপ্তার করা হয়। তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড আবেদন করা হবে।