কিশোরী ধর্ষণ মামলার আরও এক আসামি গ্রেপ্তার
খেলনা পিস্তল দেখিয়ে কুমিল্লার দেবীদ্বার পৌরসভায় এক কিশোরীকে (১৫) গণধর্ষণের ঘটনায় দায়ের করা মামলার এজাহারভুক্ত আরও এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত সোমবার আবদুল্লাহপুর গ্রামের একটি বাগান থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম এরশাদ মিয়া। তার বাড়ি দেবীদ্বার পৌরসভায় আবদুল্লাহপুর এলাকায়।
এ নিয়ে পুলিশ মামলার তিন আসামি বড় আলমপুর এলাকার মো. হাসান (২৩), একই এলাকার আনোয়ার হোসেন (২৩) ও এরশাদকে (২৮) গ্রেপ্তার করল। গতকাল মঙ্গলবার এরশাদকে আদালতের নির্দেশে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ১৫ মে রাত আনুমানিক সাড়ে নয়টার দিকে হাসান, আনোয়ার, এরশাদ ও মো. আরিফ গোমতী নদীর বেড়িবাঁধের একটি ঘর থেকে খেলনা পিস্তলের ভয় দেখিয়ে ওই কিশোরীকে তুলে নিয়ে আসে। এরপর তাকে পালাক্রমে ধর্ষণ করে তারা। পরে ওই কিশোরীকে ঘরের সামনে ফেলে রেখে ওই চারজন চলে যায়। পরদিন বিষয়টি জানাজানি হলে গ্রামবাসী ঘটনায় জড়িত থাকার অভিযোগে হাসান ও আনোয়ারকে আটক করে পুলিশে সোপর্দ করে। ওই দিন রাতে দেবীদ্বার থানায় ওই চারজনের বিরুদ্ধে মামলা করেন মেয়েটির মা। হাসান ও আনোয়ারের স্বীকারোক্তি অনুযায়ী ১৭ মে সকালে পুলিশ হাসানের ঘরের মেঝের গর্ত থেকে একটি পিস্তল উদ্ধার করে। পিস্তলটি খেলনা পিস্তল বলে পুলিশ জানায়।
দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, মামলার আরেক আসামি আরিফকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।