কিশোরী ধর্ষণের ঘটনায় দুজন গ্রেপ্তার
দক্ষিণখান থানায় ১৬ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ওই কিশোরীর বাবা দক্ষিণখান থানায় একটি মামলা করেছেন।
পুলিশ জানায়, এ ঘটনার সঙ্গে জড়িত দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলো দক্ষিণখান থানার দক্ষিণ গাওয়াইর এলাকার স্থানীয় বাসিন্দা আরিফ হোসেন এবং ওই এলাকার ভাড়াটিয়া শফিকুল ইসলাম। শফিকুলের গ্রামের বাড়ি শেরপুরের শ্রীবরদী থানার পোড়াগড়ে। আরিফ উচ্চমাধ্যমিক পরীক্ষা দিয়েছে আর শফিকুল পেশায় নাপিত। আরেক আসামি চাঁদপুরের পাইকদির জনি খান পলাতক রয়েছে।
দক্ষিণখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বে থাকা পুলিশ পরিদর্শক (তদন্ত) শেখ রোকোনুজ্জামান প্রথম আলোকে বলেন, ওই কিশোরীর বাবা দক্ষিণখান এলাকায় জোগালির কাজ করেন। মেয়েটির মা ছোটবেলাতেই মারা যাওয়ায় চট্টগ্রামে এক পরিবারের কাছে সে বড় হয়। এখন সেখানেই থাকে। গতকাল সকালে চট্টগ্রাম থেকে তার বাবার সঙ্গে দেখা করতে আসে। কিন্তু বাবার ঠিকানা চিনতে না পারায় লোকজনকে জিজ্ঞেস করে করে ঠিকানার দিকে যেতে থাকে। এ সময় অভিযুক্তদের ঠিকানাটির কথা জিজ্ঞেস করলে তারা তাকে সেই জায়গায় নিয়ে যাবে বলে একটি ভাড়া বাসায় নিয়ে যায়। সেখানে তারা তাকে ধর্ষণ করে।