কিশোরী ধর্ষণের শিকার, আটক ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার সাভারে এক কিশোরী (১৪) গণধর্ষণের শিকার হয়েছে। দুই দিন ধরে সে সাভারের একটি হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ।
ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) সূত্রে জানা গেছে, ধর্ষণের শিকার ওই কিশোরীর বড় দুই বোন দুটি পোশাক কারখানায় কাজ করেন। তাঁদের বাড়ি নেত্রকোনায়। মাস খানেক আগে চাকরির জন্য সাভারে আসে ওই কিশোরী। মেজ বোনের বাসায় থেকে সে বিভিন্ন পোশাক কারখানায় চাকরির সন্ধান করছিল। গত শনিবার দুপুর ১২টার দিকে ওই কিশোরী বাসা থেকে বড় বোনের বাসায় যাচ্ছিলৃ। পথে এলাকার আটজন যুবক অস্ত্রের মুখে তাকে পাশে নির্জন স্থানে নিয়ে ধর্ষণ করে। একপর্যায়ে ওই কিশোরী অচেতন হয়ে পড়লে তাঁকে মেজ বোনের বাসায় ফেলে আসে তারা।
পরে কিশোরীর দুই বোন তাকে সাভারের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করান। কিন্তু ভয়ে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে ধর্ষণের বিষয়টি গোপন রাখেন। পরে অবস্থার অবনতি হলে দুই বোন প্রকৃত ঘটনা খুলে বলেন। হাসপাতাল কর্তৃপক্ষ ঘটনাটি গোয়েন্দা পুলিশকে (ডিবি) জানায়। এর পরপরই ডিবি পুলিশ অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে চার যুবককে আটক করে।
ডিবি পুলিশের পরিদর্শক শাহীন শাহ পারভেজ বলেন, ওই চারজন কিশোরীকে ধর্ষণ করেছে বলে প্রাথমিক তদন্তে প্রতীয়মান হয়েছে।