কিশোরী ধর্ষণের শিকার, শিক্ষকের বিরুদ্ধে মামলা
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ পৌরসভায় ১৩ বছরের কিশোরীকে ধর্ষণের ঘটনায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষকের (৩২) বিরুদ্ধে মামলা হয়েছে। শিশুটির মা গত বুধবার ওই শিক্ষককে আসামি করে থানায় মামলা করেন।
এজাহার ও স্থানীয় সূত্রে জানা যায়, ওই কিশোরী বিদ্যালয়ে যায় না, বাড়ির কাজ করে। গত রোববার দুপুর সাড়ে ১২টার দিকে পাশের বাড়ির ওই শিক্ষক তাকে পানি আনতে বলেন। তাঁর বাসায় গেলে তিনি দরজা-জানালা বন্ধ করে কিশোরীকে ধর্ষণ করেন এবং ভয়ভীতি দেখিয়ে চুপ থাকতে বাধ্য করেন। বেলা আড়াইটার দিকে ওই কিশোরী ঘরের বাইরে বেরিয়ে চিৎকার দেয়। তখন আশপাশের লোকজন তাকে উদ্ধার করে তাদের বাড়িতে নিয়ে যায়। তার মা বাসাবাড়িতে কাজ করেন এবং বাবা রিকশাচালক। তখন কেউ বাসায় ছিলেন না। বিকেলে বাড়িতে ফেরার পর তাঁরা দুজন এ ঘটনা জানতে পারেন। কিশোরীর মা গত বুধবার বিকেলে ধর্ষণের অভিযোগ এনে ওই শিক্ষককে আসামি করে পীরগঞ্জ থানায় মামলা করেছেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা পীরগঞ্জ থানার উপপরিদর্শক (এএসআই) মকবুল হোসেন গতকাল শুক্রবার বলেন, ‘বৃহস্পতিবার ঠাকুরগাঁও সদর হাসপাতালে মেয়েটির ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর প্রকৃত ঘটনা বেরিয়ে আসবে।’