
তাদের ফুলেল সংবর্ধনায় বরণ করে নেওয়া উচিত ছিল স্কুলশিক্ষকদের। এলাকাবাসীর হাতে মিষ্টিমুখ করার অপেক্ষাতেই থাকতে পারত তারা। কিন্তু সানজিদা-তাসলিমাদের ভাগ্যে শেষ পর্যন্ত জুটল লাঞ্ছনা-গঞ্জনা। লোকাল বাসে সহযাত্রীদের কটুকথা শুনে বাড়িতে পৌঁছানোর পর জুটেছে স্কুলশিক্ষকের তিরস্কার ও হুমকি।
বাংলাদেশকে এশিয়ার সেরা আট দলের মধ্যে তুলে দেওয়ার এমন প্রতিদান মিলছে কলসিন্দুরের কিশোরী ফুটবলারদের। এএফসি অনূর্ধ্ব-১৬ মেয়েদের ফুটবলের চূড়ান্ত পর্বে ওঠা দলের নয়জন—তাসলিমা, মাহমুদা, শামসুন্নাহার, শিউলি, নাজমা, মারিয়া, তহুরা, মার্জিয়া ও সানজিদা ময়মনসিংহের প্রত্যন্ত গ্রাম কলসিন্দুর মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রী। এই মেয়েদের স্কুল থেকে বহিষ্কারের হুমকি দিয়েছেন ক্রীড়াশিক্ষক জুবেদ আলী তালুকদার। শুধু তা-ই নয়, বাংলাদেশ দলের গোলরক্ষক তাসলিমার বাবা সবুজ মিয়াকে শারীরিকভাবে লাঞ্ছিত করেছেন ওই ক্রীড়াশিক্ষক।
১৭ সেপ্টেম্বর কুমিল্লায় স্কুলপর্যায়ের গ্রীষ্মকালীন ফুটবল প্রতিযোগিতায় জোর করে এই নয় মেয়েকে খেলাতে চেয়েছিলেন ক্রীড়াশিক্ষক জুবেদ আলী। এ জন্য তাদের অভিভাবকদের পরশু সকালে স্কুলে আসতে বলেন তিনি। অভিভাবকদের মধ্যে তাসলিমার বাবা সবুজ মিয়া, সানজিদার বাবা লিয়াকত আলী, মার্জিয়ার বাবা আবদুল মোতালিব, মারিয়ার মা এনতা মান্দাসহ অনেকে গিয়েছিলেন স্কুলে। সেখানে ওই ক্রীড়াশিক্ষক ফুটবলারদের প্রথমে আন্তস্কুলে খেলার অনুমতি দিতে বলেন অভিভাবকদের। কিন্তু ১৭ সেপ্টেম্বর একই দিনে বাংলাদেশ ফুটবল ফেডারেশন সংবর্ধনা দেবে, এ জন্য মেয়েরা খেলতে রাজি হয়নি। সবুজ মিয়া ঘটনার বর্ণনা দিয়ে বলেন, ‘মেয়েরা খেলতে রাজি না হওয়ায় স্যার গালিগালাজ করে মেয়েদের। একপর্যায়ে বলেন, যদি না খেলিস তাহলে স্কুল থেকে তোদের টিসি (ছাড়পত্র) দেওয়া হবে। ভবিষ্যতে যদি তোরা কলসিন্দুর স্কুলের নাম উচ্চারণ করিস তাহলে জুতা দিয়ে পিটিয়ে গাল ভেঙে দেব।’
ক্রীড়াশিক্ষকের এমন আচরণে হতবাক হয়ে পড়েন অভিভাবকেরা, সঙ্গে সঙ্গেই প্রতিবাদ করেন। এরপর রাতে এই বিষয় নিয়ে তর্কের জেরে স্থানীয় কলসিন্দুর বাজারে তাসলিমার বাবা সবুজ মিয়াকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন ওই ক্রীড়াশিক্ষক। ক্ষোভে-দুঃখে সবুজ মিয়া বলছিলেন, ‘মেয়েকে ফুটবল খেলতে দিয়ে কি অপরাধ করেছি? তর্কের একপর্যায়ে আমাকে লাথি দিয়ে চেয়ার থেকে ফেলে দেন ওই শিক্ষক। চড়-থাপ্পড় মেরে গ্রামছাড়া করার হুমকি দেন।’
এ প্রসঙ্গে জানতে চাইলে পুরো বিষয়টা অস্বীকার করেন জুবেদ আলী, ‘আমার কি টিসি দেওয়ার ক্ষমতা আছে? আমি কীভাবে টিসি দেব? তাসলিমার বাবাই আমাকে উল্টো গালিগালাজ করেছেন। বলেছেন, আমি নাকি মেয়েদের অনুদানের টাকাপয়সা মেরে দিয়েছি। আমি কোনো অন্যায় করিনি। আমার ওপর দোষ চাপিয়ে দেওয়া হচ্ছে।’
শারীরিক লাঞ্ছনার ঘটনায় জুবেদ আলীর বিরুদ্ধে ধোবাউড়া থানায় মামলা করেছেন সবুজ আলী। যদিও বিষয়টি স্থানীয়ভাবে নিষ্পত্তির চেষ্টা হচ্ছে।
ময়মনসিংহ অফিস জানায়, এ ঘটনায় শিক্ষক জুবেদ আলী তালুকদারকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠানটির অধ্যক্ষ জালাল উদ্দিন গতকাল সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, ঘটনা কিছুটা ঘটেছে। কলসিন্দুর স্কুল অ্যান্ড কলেজের ব্যবস্থাপনা কমিটি অভিযুক্ত শিক্ষক জুবেদ তালুকদারকে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত নিয়েছে।
ধোবাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আনিসুজ্জামান খান প্রথম আলোকে বলেন, ফুটবলার মেয়েদের হুমকি দেওয়া ও তাসলিমার বাবা সবুজ মিয়াকে মারধরের অভিযোগের সত্যতা পাওয়া গেছে। ঘটনা তদন্তে তিনি কলসিন্দুর গিয়ে ফুটবলার মেয়ে, অভিভাবক ও শিক্ষকদের সঙ্গে কথা বলেছেন। আইন অনুযায়ী পুলিশ অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেবে।