কিশোরী বয়সেই মা!
বগুড়ার সোনাতলা উপজেলার যমুনা নদীর দুর্গম চর খাটিয়ামারির বাসিন্দা শম্পা খাতুন (১৩)। পঞ্চম শ্রেণিতে পড়ার সময় যমুনার ভাঙনে তার বিদ্যালয়টি বিলীন হয়। শম্পারও পড়াশোনা বন্ধ হয়ে যায়। তারপর বিয়ে। তার বড় সন্তানের বয়স দুই বছর। এই অবস্থায় শম্পা আবারও মা হচ্ছে।
শম্পা বলে, ‘বিয়্যা হলে তো ছল হবিই। ছল হওয়া কি আটকাবার পারমো?’
শুধু শম্পা নয়, যমুনার এ দুর্গম চরের অনেক মেয়েই বাল্যবিবাহের শিকার হচ্ছে। চর ঘুরে দেখা গেছে, ১৮ বছরের আগেই দুই বা তিন সন্তানের মা হচ্ছে এ চরের মেয়েরা। অল্প বয়সে সন্তান জন্ম দিতে গিয়ে নানা শারীরিক সমস্যার শিকার হচ্ছে এবং অপুষ্টিতে ভুগছে। জন্ম দিচ্ছে অসুস্থ শিশু।
সোনাতলা উপজেলার শিমুলবাড়ি গ্রামের দিনমজুর রেজাউল ইসলামের মেয়ে রেবেকা খাতুন (১৫) চার ভাইবোনের মধ্যে সবার বড়। তিন বছর আগে সে বাড়ির পাশের একটি মাদ্রাসায় পঞ্চম শ্রেণিতে পড়ত। তখন বিয়ে হয়ে যায় খাটিয়ামারি চরের দিনমজুর শাহ আলমের সঙ্গে। বিয়ের এক বছরের মাথায় একটা কন্যাসন্তানের জন্ম দেয়। শিশুটি অপুষ্টিতে ভুগছিল এবং জন্মের তিন দিনের মাথায় মারা যায়। এখন আবার পাঁচ মাসের গর্ভবতী রেবেকা। গর্ভবতী হওয়ার পর থেকেই তার নানা রকম শারীরিক সমস্যা হচ্ছে। কিন্তু এখন পর্যন্ত চিকিৎসকের কাছে যায়নি। রেবেকা বলে, সন্তান জন্ম দেওয়ার পর থেকে তার শরীর ভেঙে পড়েছে।
একই অবস্থা দিনমজুর ফেরদৌস হোসেনের স্ত্রী রুমা আক্তারের। বিয়ের এক বছরের মাথায় কন্যাসন্তানের জন্ম দেয় রুমা। এর পরের তিন বছরে দুই সন্তানের মা হয়। এখন আবারও সে সন্তানসম্ভবা। রুমা এখন পর্যন্ত কোনো জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি নেয়নি। সে বলে, ‘চরত স্বাস্থ্য আফারা আসে না। জন্মনিয়ন্ত্রণ বড়ি হামরায় পাই না।’
চরের প্রায় ১২ জন বাসিন্দার সঙ্গে কথা বলে জানা যায়, চার বছর আগে এ চরে বসতি গড়ে ওঠে। এ চরে কোনো বিদ্যালয় নেই। চরের বাসিন্দারাও লেখাপড়া জানেন না। এই অবস্থায় অভিভাবকেরা অল্প বয়সেই মেয়েদের বিয়ে দিয়ে দেন। আর এ চরে স্বাস্থ্যকর্মীরাও আসেন না। তাই অল্প বয়সেই বাল্যবিবাহের শিকার হওয়া মেয়েরা মা হয়ে যাচ্ছে।
খাটিয়ামারি থেকে বেশ দূরে চর চালুয়াবাড়ি। প্রতিদিন ৪০ মিনিটের পথ পাড়ি দিয়ে চালুয়াবাড়ি নিম্নমাধ্যমিক বিদ্যালয়ে পড়তে যায় সপ্তম শ্রেণির ছাত্রী বুলি আকতার এবং অষ্টম শ্রেণির রহিমা খাতুন। রহিমা বলে, ‘সামনে বার্ষিক পরীক্ষা দিয়ে নবম শ্রেণিতে উঠব। কিন্তু চরে কোনো মাধ্যমিক বিদ্যালয় নাই।’ সে জানায়, ভর্তি হতে হলে নদী পাড়ি দিয়ে ওপারে যেতে হবে। প্রতিদিন ১০ টাকা নৌকা ভাড়া লাগবে। তার গরিব মা-বাবার পক্ষে সেটা জোগানো হয়তো সম্ভব হবে না। তখন তাঁরা তাকে বিয়ে দেওয়ার কথা ভাববেন।
চরের বাসিন্দা দিনমজুর জাফর মোল্লা বলেন, এখানকার সব বাড়িতেই অভাব। তারপরও অনেকে ছেলেমেয়েদের লেখাপড়া করাতে চান। কিন্তু চরে কোনো বিদ্যালয় নেই। তাঁদের মেয়েরা অনেক দূরে গিয়ে পড়াশোনা করে। এই অবস্থায় অনেকে আর পড়াশোনা চালিয়ে যেতে পারে না। বাধ্য হয়ে অল্প বয়সেই মেয়েদের বিয়ে দেন চরের লোকজন।
সোনাতলা উপজেলার পাকুল্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুলফিকার রহমান বলেন, খাটিয়ামারি চরের বাসিন্দারা কেউ স্থায়ী নয়। যমুনা নদীর দুর্গম চরের ভিটেমাটি হারিয়ে লোকজন এখানে এসে বসতি গড়ে তুলেছেন। ওই চরে বিদ্যালয় নেই। কিন্তু নদী পার হলেই স্কুল-কলেজ সবই রয়েছে। কিন্তু দারিদ্র্য ও অসচেতনতার কারণে অনেক অভিভাবক অল্প বয়সে ছেলেমেয়েদের বিয়ে দিয়ে দেন। তিনি আরও বলেন, চরে বাল্যবিবাহ বন্ধ করতে আগে অভিভাবকদের সচেতন করা প্রয়োজন। ইউনিয়ন পরিষদ থেকে জন্মনিবন্ধন সনদ না নিয়ে ১৮ বছরের আগে চরের কোনো অভিভাবক যাতে মেয়েদের বিয়ে না দেন, এ জন্য চরে সচেতনতামূলক প্রচারণা চালানো হচ্ছে।