কিশোরীকে আটকে রেখে নির্যাতনের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালমনিরহাটের আদিতমারী উপজেলার এক কিশোরীকে (১৭) ভালো চাকরি দেওয়ার কথা বলে একটি চক্র কুমিল্লা শহরের এক বাসায় তিন মাস আটকে রেখে নির্যাতন ও তাকে দিয়ে অনৈতিক কাজ করানোর অভিযোগ উঠেছে। চক্রটি তাকে পাচারেরও চেষ্টা করে। ওই কিশোরী ৩ নভেম্বর কুমিল্লা থেকে পালিয়ে ৪ নভেম্বর নিজ গ্রামের বাড়িতে ফিরে আসে। এ ঘটনায় মামলা হয়েছে।
ওই কিশোরীর পরিবার সূত্রে জানা গেছে, উপজেলার ৩ নম্বর দুরারকুটি (বালাপুকুর) গ্রামের সোহেল রানা (৩০) ওই কিশোরীর পক্ষাঘাতগ্রস্ত বাবাকে বলেন তাঁর মেয়েকে কুমিল্লায় নিয়ে ভালো চাকরি দেবেন। এ সময় সোহেলের বাড়িতে বেড়াতে আসা কুমিল্লা শহরের চানপুর বেবিস্ট্যান্ডের উত্তর পাশের এক বাসার ভাড়াটে মেহেদী হাসান (৪০) ও তাঁর স্ত্রী কল্পনা বেগম (৩৫) তাঁর (সোহেল) কথাকে সমর্থন করেন। ওই কিশোরীর বাবা ১ আগস্ট সন্ধ্যায় মেয়েকে তাঁদের সঙ্গে কুমিল্লায় যেতে দেন। সেখানে এক বাসায় নিয়ে তাকে আটকে রাখা হয়। সেখানে মাঝেমধ্যেই মেহেদী হাসান ও কল্পনা টাকার বিনিময়ে তাকে অন্য ছেলেদের সঙ্গে অনৈতিক কাজ করাতে বাধ্য করতেন। সে প্রতিবাদ করলে তাকে মারধর করা হতো। মেহেদী ও কল্পনা প্রায় সময় কানাঘুষা করতেন, সুযোগ পেলে তাকে বাইরে পাচার করে দেবেন। এতে ভীত হয়ে সে পালানোর সুযোগ খোঁজে। অবশেষে ৩ নভেম্বর সে পালিয়ে ৪ নভেম্বর বাড়িতে ফিরে আসে। কিন্তু ওই কিশোরীকে উল্টো কুমিল্লা কোতোয়ালি থানার ৫ নভেম্বরের একটি চুরির মামলায় সোহেলের সহায়তায় আদিতমারী থানার পুলিশ ওই দিন রাতে (৫ নভেম্বর) গ্রেপ্তার করে। ৬ নভেম্বর তাকে আদালতে সোপর্দ করা হয়। আদালত সব শুনে তাকে ৫ ডিসেম্বর পর্যন্ত জামিনে মুক্তি দেন। ৭ নভেম্বর সকালে সোহেল তার (নারী) বাড়িতে গিয়ে তাকে তাঁদের বিরুদ্ধে মামলা না করতে বলেন। মামলা করলে তাকে মেরে ফেলার হুমকি দেওয়া হয়। এ ঘটনায় ৮ নভেম্বর ওই কিশোরীর বাবা আদিতমারী থানায় মামলা করতে গেলে পুলিশ মামলা নেয়নি। পরে ওই কিশোরীর বাবা লালমনিরহাট মানব পাচার প্রতিরোধ ও দমন ট্রাইব্যুনালে ১৭ নভেম্বর সোহেলকে প্রধান করে মেহেদী হাসান ও কল্পনা বেগমের বিরুদ্ধে একটি মামলা করেন। আদালত মামলাটি শুনানির জন্য গ্রহণ করে অভিযোগটিকে এফআইআর হিসেবে গ্রহণ করে পরবর্তী আইনগত ব্যবস্থা নিতে আদিতমারী থানার পুলিশকে নির্দেশ দেন। মেহেদী হাসানের বাড়ি পটুয়াখালীর মির্জাগঞ্জ থানায়।
এ ব্যাপারে আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হরেশ্বর রায় বলেন, ‘ওই কিশোরীর বাবা থানায় অভিযোগ করতে আসেননি। তিনি আদালতে অভিযোগ করেছেন। আমরা আদালতের নির্দেশ পালনে সচেষ্ট থাকব।’