কিশোরীকে তিন দিন আটকে রেখে ধর্ষণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনা সদর উপজেলায় এক কিশোরীকে (১৪) বখাটেরা ঘরে তিন দিন আটকে রেখে ধর্ষণ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত বৃহস্পতিবার রাতে ওই কিশোরীকে উদ্ধার করে গুরুতর অবস্থায় বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
চিকিৎসাধীন কিশোরীটি জানায়, ১৫ সেপ্টেম্বর সকাল আটটার দিকে বরিশালে ভাইয়ের বাসায় বেড়াতে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয় সে। প্রথমে বরগুনা যাওয়ার জন্য স্থানীয় বাজার থেকে ভাড়ায়চালিত মোটরসাইকেলে ওঠে সে। কিন্তু চালক রাসেল বরগুনার দিকে না গিয়ে অন্য পথে যেতে চাইলে কিশোরী তাতে বাধা দেয়। একপর্যায়ে নির্জন স্থানে মোটরসাইকেল থামিয়ে রাসেল একটি ছুরি বের করে কিশোরীকে ভয় দেখায় এবং কথা বলতে নিষেধ করে। তবে কিশোরী চিৎকার করলে রাসেল তার বাঁ হাতের একটি আঙুলে ছুরি দিয়ে আঘাত করে। পরে মোটরসাইকেলে করে জোরপূর্বক কিশোরীকে সদর উপজেলার বালিয়াতলী ইউনিয়নের নলী মাইঠা গ্রামে রাসেলের এক বন্ধুর মামার বাড়িতে নিয়ে যায় এবং সেখানে একটি কক্ষে তালা দিয়ে আটকে রাখে। এরপর রাসেল এবং তার দুই বন্ধু টানা তিন দিন কিশোরীকে ধর্ষণ করে। বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে রাসেল তার মুঠোফোনটি রেখে বাইরে গেলে ওই কিশোরী তার বড় ভাইকে ফোন করে ঘটনা জানায়। রাত সাড়ে ১০টার দিকে কিশোরীর বড় ভাই আত্মীয়স্বজনকে নিয়ে ওই বাড়িতে গিয়ে কিশোরীকে উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করেন।
কিশোরীর মা গতকাল শনিবার দপুরে বলেন, ‘আমরা গরিব মানুষ, মামলা কইর্যা কী অইবে! বিচার তো পামুই না, উল্টা ওরা আমার মেয়েরে জানে মাইর্যা হালাইবে।’
শুক্রবার দুপুরে ধর্ষণের আলামত পরীক্ষা করে বরগুনা জেনারেল হাসপাতালের একটি চিকিৎসক দল। নাম প্রকাশে অনিচ্ছুক দলের এক চিকিৎসক গতকাল বিকেলে প্রথম আলোকে বলেন, প্রাথমিকভাবে ধর্ষণের প্রমাণ পাওয়া গেছে।
বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল হক বলেন, ‘আমরা হাসপাতালে গিয়ে মেয়েটির সঙ্গে কথা বলেছি। সে তিনজনের কথা বললেও শুধু রাসেল ছাড়া বাকি দুজনকে চেনে না। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’