কিশোরীকে ধর্ষণের ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় গত ৩০ জুলাই এক কিশোরীকে গণধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। আওয়ামী লীগের স্থানীয় এক নেতার নেতৃত্বে গত বৃহস্পতিবার বিকেলে সালিসের নামে ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়।
মেয়েটির পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ঈদের পরদিন বিকেলে উপজেলার এক কৃষকের ওই মেয়ে (১৬) বাড়ি থেকে বেড়াতে বের হয়। এরপর সৈয়দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে একটি অনুষ্ঠান দেখে রাত আটটার দিকে বাড়ি ফিরছিল সে। পথে এলাকার সবুজ মিয়া (২৫), মিলন হোসেন (২২), লিয়ন মিয়া (২৫), সেলিম হোসেন (২৬), মিজানুর রহমান (২৭) ও শুকুর আলী (২৮) মেয়েটিকে ধরে স্থানীয় একটি পাটখেতে নিয়ে ধর্ষণ করে। একপর্যায়ে চিৎকার শুনে লোকজন মেয়েটিকে উদ্ধার করে একটি স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়। ঘটনার পর মেয়েটির বাবা থানায় মামলা করতে চাইলে কালিয়াকৈর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ফরহাদ হোসেন এবং স্থানীয় আলমাস হোসেন তাঁকে বাধা দেন। এরপর তাঁরা দুজন গত বৃহস্পতিবার বিকেলে স্থানীয় একটি রাইস মিলে সালিস বসান। এতে মেয়েটির বাবা ছাড়াও স্থানীয় কয়েকজন ছিলেন। সালিসে ওই যুবকদের এক লাখ টাকা জরিমানা করা হয়। কিন্তু জরিমানার টাকা মেয়েটির পরিবারকে দেওয়া হয়নি। এখন মামলা না করার জন্য মেয়েটির পরিবারকে বিভিন্নভাবে ভয়ভীতি দেখানো হচ্ছে।
মেয়েটির বাবা বলেন, ‘ওই যুবকদের এক লাখ টাকা জরিমানা করার পর সালিসকারীরা কোনো টাকা-পয়সা আমাদের দেন নাই। মামলা করতে গেলেও প্রাণনাশের হুমকি দিচ্ছেন।’
আওয়ামী লীগের নেতা ফরহাদ হোসেন বলেন, মেয়েটি মামলা করলে তো কিছুই পাবে না। তাই ৫০ হাজার টাকা জরিমানা করে স্থানীয়ভাবে মীমাংসা করে দেওয়া হয়েছে।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।