কিশোরীকে ফাঁদে ফেলে অপহরণের চেষ্টা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শ্রাবন্তী (ছদ্মনাম) ভালোবাসে কৌশিককে। তবে কৌশিকের সাড়া নেই। এদিকে মেয়েটি পাগলপারা। ছয় মাস ধরে কৌশিকের সঙ্গে যোগাযোগ নেই। হঠাৎ শ্রাবন্তীর কাছে ফোন আসে। নিজেকে কৌশিকের বন্ধু পরিচয় দিয়ে অপর প্রান্ত থেকে বলা হয়, ‘আমি কৌশিকের বন্ধু, জয়। কৌশিক আমার সঙ্গে আছে। ও তোমার সঙ্গে দেখা করতে চায়। তুমি শনিবার বিকেল পাঁচটায় নাজ গার্ডেনে এসো।’

প্রেমিকের সঙ্গে দেখা করতে গিয়ে মেয়েটি পড়েছে অপহরণকারী চক্রের খপ্পরে। অপহরণকারীরা প্রেমিকের সঙ্গে দেখা করানোর কথা বলে মাইক্রোবাসে তুলে ঘুমের ইনজেকশন দিয়ে মেয়েটিকে অপহরণ করে ঢাকার দিকে যাচ্ছিল। শেষ পর্যন্ত র‌্যাব সদস্যদের হাতে ধরা পড়েছে অপহরণকারীরা। মেয়েটিকেও উদ্ধার করা হয়েছে। গত শনিবার রাত ১০টার দিকে বগুড়া-ঢাকা মহাসড়কের সিরাজগঞ্জের হাটিকুমরুল মোড়ে একটি মাইক্রোবাসে তল্লাশি চালিয়ে অপহৃত মেয়েটিকে উদ্ধার করে র‌্যাব। পরে তাকে বগুড়ার পুলিশের কাছে বুঝিয়ে দেওয়া হয়।

অপহৃত মেয়েটি বগুড়া শহরের একটি বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী। চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার বাসিন্দা হলেও বাবার ব্যবসার সুবাদে তার পরিবার বগুড়ায় থাকে।

এ ঘটনায় র‍্যাবের হাতে আটক তিন অপহরণকারী হলেন শাজাহানপুর উপজেলার গন্ডগ্রামের জাকির হোসেন ওরফে সুমন (১৮), ফুলদীঘি এলাকার আবদুল্লাহ আল ফারুক (১৯), লতীফপুর উত্তরপাড়ার মনিরুজ্জামান ওরফে শুভ (১৮)। এর মধ্যে জাকির হোসেন বগুড়ার সরকারি শাহ সুলতান কলেজে উচ্চমাধ্যমিক প্রথম বর্ষ এবং আবদুল্লাহ একটি বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউট বিআইআইটিবির শিক্ষার্থী।

রোববার বিকেলে বগুড়ার পুলিশ সুপার মো. মোজাম্মেল হক তাঁর কার্যালয়ে অপহরণকারীদের হাত থেকে উদ্ধার হওয়া কিশোরীকে শ্রাবন্তী ছদ্মনাম দিয়ে গণমাধ্যমের সামনে হাজির করেন। সেখানে শ্রাবন্তী বলে, ‘কৌশিকের সঙ্গে দেখা করিয়ে দেওয়ার কথা বলে বন্ধু পরিচয় দেওয়া যুবকটি প্রথমে আমাকে প্রাইভেট কারে উঠতে বলে। গাড়িতে ওঠার সঙ্গে সঙ্গে আগে থেকে বসে থাকা আরও দুই যুবক আমার শরীরে আচমকা ঘুমের ইনজেকশন দেয়। মাঝ রাস্তায় গাড়ি বিকল হলে কিছুটা হুঁশ ফিরে আসে আমার। পথচারীদের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছিলাম। সঙ্গে সঙ্গে আরেকটি ঘুমের ইনজেকশন পুশ করা হয় আমার শরীরে। এরপর আবার অচেতন হয়ে পড়ি। কিছুক্ষণ পর চোখ তুলে দেখি, আমার সামনে র‌্যাবের সদস্যরা। আমি কোনো রকমে বলি, “স্যার, আমাকে ইনজেকশন পুশ করে ওরা অপহরণ করে নিয়ে যাচ্ছে।”’ ওই কিশোরী আরও জানায়, জয় নামে কৌশিকের এক বন্ধু রয়েছে। জয়ের নাম ব্যবহার করে তাঁরা আমার সঙ্গে প্রতারণা করেছে।

পুলিশ সুপারের কার্যালয়ে উপস্থিত ‘জয়’ পরিচয়দানকারী তরুণ জাকির হোসেন বলেন, ‘শ্রাবন্তীকে আমিও ভালোবাসি। তাকে সারা জীবনের জন্য পেতে দুই বন্ধুকে সঙ্গে নিয়ে ঘুমের ইনজেকশন দিয়ে অপহরণের পথ বেছে নিই। কিন্তু মাঝ রাস্তায় গাড়ি নষ্ট হওয়ার কারণে র‌্যাবের হাতে ধরা পড়েছি।’