কিশোরীকে বাড়ি থেকে তুলে নিয়ে ধর্ষণ, গ্রেপ্তার ২
চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় গত বুধবার এক কিশোরীকে বাড়ি থেকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। ঘটনার পরদিন দুই যুবক আবারও ওই কিশোরীর বাড়ির কাছে এলে তাঁদের আটক করে পুলিশে দেন এলাকাবাসী। এ ঘটনায় হাজীগঞ্জ থানায় মামলা হয়েছে।
মামলার আসামিরা হলেন উপজেলার বলিয়া গ্রামের লিটন হোসেন (২১) ও পৌরসভার বদরপুর গ্রামের মো. আরিফ হোসেন (২৬)।
এজাহার ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, লিটন ও আরিফ বুধবার সন্ধ্যায় মোটরসাইকেলে এসে বাড়ির আঙিনা থেকে ওই কিশোরীকে (১৬) কৌশলে তুলে নিয়ে যান। পরে তাকে একটি খোলা মাঠে নিয়ে লিটন ধর্ষণ করেন। এরপর রাতেই কিশোরীকে বাড়িতে পৌঁছে দেওয়া হয়।
কিশোরীর বাবা প্রথম আলোকে বলেন, লিটন ও আরিফ গত বৃহস্পতিবার সন্ধ্যায় আবার মোটরসাইকেলে এলাকায় এলে স্থানীয় বাসিন্দারা তাঁদের আটক করেন। পরে তাঁদের অভিভাবকদের খবর দেওয়া হয়। কিন্তু কেউ আসেননি। পরে রাতে তাঁদের পুলিশে সোপর্দ করা হয়। রাতেই তিনি বাদী হয়ে মামলা দায়ের করেন।
গতকাল শুক্রবার হাজীগঞ্জ থানার ওসি মো. শাহ আলম বলেন, কিশোরীকে ডাক্তারি পরীক্ষার জন্য চাঁদপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।