কিশোরীটির আরও কষ্টের দিন শুরু?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় ধর্ষণের শিকার বাক্প্রতিবন্ধী এক কিশোরী মা হয়েছে। গত শনিবার সকালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে সে একটি ছেলেশিশুর জন্ম দিয়েছে।
ধর্ষণের শিকার ওই কিশোরী পুলিশের সহযোগিতায় দীর্ঘদিন পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসাধীন ছিল। সেখান থেকে প্রথমে লালমনিরহাট সদর হাসপাতাল ও পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ১১ নম্বর ওয়ার্ডে তাকে ভর্তি করা হয়।
গত রোববার মুঠোফোনে ওই কিশোরীর বাবা বলেন, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর মেয়ে একটি ছেলেসন্তানের জন্ম দিয়েছে। তবে অর্থাভাবে মা ও নবজাতকের ভালো চিকিৎসা হচ্ছে না। শিশুটির প্রচণ্ড জ্বর উঠেছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) প্রণব কুমার দাস বলেন, বেশ কিছুদিন প্রসূতি-চিকিৎসা দেওয়ার পর কিশোরীকে লালমনিরহাট ও সেখান থেকে রংপুর মেডিকেল কলেজে হাসপাতালে পাঠানো হয়। সেখানেই ওই কিশোরী একটি পুত্রসন্তানের জন্ম দেয়।
পুলিশ ও এলাকাবাসী সূত্রের বিবরণ অনুযায়ী, উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের বানিয়াডাঙ্গী গ্রামের বাবুল হোসেন চাকাতি (৩৭) বাক্প্রতিবন্ধী ওই কিশোরীকে ধর্ষণ করেন। মেয়েটি ছয় মাসের অন্তঃসত্ত্বা হওয়ার পর বিষয়টি জানাজানি হয়। ঘটনা ধামাচাপা দিতে গ্রামের মাতব্বরেরা চলতি বছরের ১০ আগস্ট সালিস বৈঠক করে বাবুলকে এক লাখ ৮৫ হাজার টাকা জরিমানা করেন।
মেয়েটির বাবা বাদী হয়ে বাবুলসহ সাতজনের নামে পাটগ্রাম থানায় শিশু ও নারী নির্যাতন দমন আইনে একটি মামলা করেন। পাটগ্রাম থানার পুলিশ আবদুর রহমান প্রধান (৫৭) ও ওই ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য আবদুল লতিফ (৫০) নামের দুই মাতব্বর ও বাবুল হোসেন চাকাতিকেও গ্রেপ্তার করে। লালমনিরহাট জেলা আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়।
পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুজ্জামান বলেন, মামলায় তিনজনকে অভিযুক্ত করে অভিযোগপত্র আদালতে দাখিল করা হয়েছে। অভিযুক্ত তিন ব্যক্তি বর্তমানে লালমনিরহাট কারাগারে আছেন।
এ নিয়ে গত ১৩ আগস্ট প্রথম আলোয় ‘পাটগ্রামে দুই মাতব্বর গ্রেপ্তার/ধর্ষণের শিকার কিশোরী ছয় মাসের অন্তঃসত্ত্বা’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।