কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার
লক্ষ্মীপুর সদর উপজেলার একটি বাড়ি থেকে আজ শুক্রবার দুপুরে রনী আক্তার ওরফে নূপুর (১৫) নামের এক কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের অভিযোগ, রনীকে শ্বাসরোধে হত্যার পর দুর্বৃত্তরা লাশ ঝুলিয়ে রেখে পালিয়েছে।
লক্ষ্মীপুর সদর থানার পুলিশ জানায়, সদর উপজেলার লাহারকান্দি ইউনিয়নের পূর্ব চাঁদখালী এলাকায় নানার বাড়িতে থাকত রনী। খবর পেয়ে আজ দুপুরে বাড়ি থেকে লাশ উদ্ধার করা হয়। লাশটি ঘরের আড়ার সঙ্গে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় ঝুলন্ত ছিল। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
নিহত রনীর মা পারুল বেগম সাংবাদিকদের বলেন, গতকাল বৃহস্পতিবার রাতের খাবার শেষে নিজের ঘরে ঘুমাতে যায় রনী। সে ওই ঘরে একাই থাকত। সকালে তার নানি ওঠে দেখেন, তার ঘরের দরজা খোলা। ঘরের ভেতরে ঢুকে দেখেন, রনীর লাশ ঝুলছে। এ সময় তাঁর (নানি) চিৎকারে পরিবারের সদস্য ও আশপাশের লোকজন ছুটে আসে। পরে পুলিশে খবর দেওয়া হয়।
পারুল বেগম অভিযোগ করেন, তার মেয়েকে নির্যাতন করে হত্যার পর দুর্বৃত্তরা লাশ ঝুলিয়ে রেখে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করেছে। তবে কে বা কারা এ ঘটনা ঘটাতে পারে, সে ব্যাপারে তিনি কোনো তথ্য দিতে পারেননি।
লক্ষ্মীপুর সদর থানার উপপরিদর্শক (এসআই) আফসার উদ্দিন প্রথম আলোকে বলেন, প্রাথমিক তদন্তে ওই কিশোরীকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ঘটনার কারণ ও জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় থানায় মামলার প্রক্রিয়া চলছে।