কিশোরীর পরিবার বাড়িছাড়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়া সদরের গোকুল মধ্যপাড়ায় এসএসসি পরীক্ষার্থী এক কিশোরীকে তুলে নেওয়ার চেষ্টা করেছিল আতিকুল ইসলাম ওরফে আকুল ও রাব্বি মিয়া নামের দুজন। এতে ব্যর্থ হয়ে তারা মেয়েটির বাড়িঘর ভাঙচুর করে। খড়ের গাদায় অগ্নিসংযোগ করে। একটি গরুও নিয়ে গেছে। তিন সপ্তাহ ধরে মেয়েটির পরিবার পালিয়ে বেড়াচ্ছে। মেয়েটিরও এসএসসি পরীক্ষা দেওয়া অনিশ্চিত হয়ে গেছে। এভাবেই ঘটনার বর্ণনা দিয়েছে মেয়েটির পরিবার।
এসএসসি পরীক্ষার্থী ছাত্রীর হতদরিদ্র বাবা বলেন, ‘আতিকুল কিছুদিন আগে আমার মেয়েকে বিয়ে করার কথা বলে। আর তার সহযোগী রাব্বি আমার বোনের সপ্তম শ্রেণি পড়ুয়া মেয়েকে বিয়ে করার কথা বলে। এতে রাজি না হলে গত ৯ জানুয়ারি রাতে তারা আমার বাড়িতে চড়াও হয়ে ইটপাটকেল মারে। পরের রাতে আমার অবর্তমানে মেয়েকে তুলে নিতে তারা সন্ধ্যারাতে আমার বাড়িতে হামলা চালায়। এ সময় মেয়েকে নিয়ে আমার স্ত্রী কোনো রকমে লুকিয়ে রক্ষা পান। কিন্ত সন্ত্রাসীরা মেয়েকে না পেয়ে আঙ্গিনায় খড়ের গাদায় অগ্নিসংযোগ ও বাড়িঘর ভাঙচুর করে। ভোররাতে স্ত্রী-সন্তান নিয়ে বাড়ি থেকে পালিয়ে অন্যত্র আত্মগোপন করি। এরপর থেকেই আমার মা, ভাই ও বোনের তিনটি পরিবারকে জিম্মি করে রেখেছে তারা। এখন তাদের ভয়ে এলাকায় ফিরতে না পেরে আমার মেয়ের এসএসসি পরীক্ষা দেওয়া হচ্ছে না। পুলিশের কাছে আকুতি করেও কোনো সাহায্য পাচ্ছি না।’
গতকাল দুপুরে গোকুল মধ্যপাড়ায় এসএসসি পরীক্ষার্থীর বাড়িতে গিয়ে দেখা যায়, গোটা বাড়ি সুনসান। মেয়েটির শোবার ঘরে তালা ঝুলছে। বাড়ির অন্য পাশের ঘরগুলোতে এসএসসি পরীক্ষার্থীর বাবার ভাই ও বৃদ্ধা মা অবস্থান করলেও তাঁদের চোখে-মুখে আতঙ্ক। এসএসসি পরীক্ষার্থী মেয়েটির ফুফু বলেন, ‘আমার সপ্তম শ্রেণিতে পড়ুয়া মেয়ের প্রতিও নজর পড়ে আতিকুল-রাব্বির। রাব্বি মেয়েটাকে বিয়ে করতে চায়। ভাইয়ের বাড়িতে হামলার পর আমার মেয়ে ও এসএসসি পরীক্ষার্থী ছেলেকে অন্যত্র পাঠিয়ে দিয়েছি।’
গোকুল ইউনিয়ন পরিষদের সদস্য নুরুল ইসলাম বলেন, আতিকুল ও তাঁর সহযোগীরা তিন সপ্তাহ ধরে পরিবারগুলোর ওপর যে বর্বরতা চালিয়েছে তা নির্মম ও রোমহর্ষক।
দুপুরে আতিকুল ইসলামের বাড়িতে গিয়ে তাকে পাওয়া যায়নি। তার মা আকলিমা বেগম বলেন, ‘ছেলেটে সঙ্গদোষে নষ্ট হয়েছে। কত করে বলেছি, ভালো হ, সে কথা শোনে না।’ আতিকুল মুঠোফোনে বলে, ‘যা ঘটেছে তা আমার এক বন্ধুর সঙ্গে পারিবারিক ঝামেলা হওয়ার কারণে। মেয়েটাকে তুলে নিয়ে যেতে চাইলে অনেক আগেই নিয়ে যেতে পারতাম। বাড়ি থেকে গরু আমি নিয়ে যাইনি।’
পুলিশ সুপার মো. আসাদুজ্জামান বলেন, এলাকাছাড়া পরিবারগুলোকে বাড়িতে ফেরানো হবে। তাদের নিরাপত্তা নিশ্চিত করা হবে। পুলিশের কোনো গাফিলতি থেকে থাকলে ব্যবস্থা নেওয়া হবে।