কিশোরের গলাকাটা লাশ উদ্ধার
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় এক কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ। চর ইসলামপুর মধ্যপাড়া এলাকা থেকে গতকাল সোমবার দুপুরে এ লাশ উদ্ধার করা হয়।
নিহত কিশোরের নাম দেলোয়ার হোসেন (১৭)। সে পৌর এলাকার ঘাইটালপাড়া গ্রামের মো. ইব্রাহিমের ছেলে। দেলোয়ার রাজমিস্ত্রির কাজ করত।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার গোলাম মোর্ত্তুজা জানান, চর ইসলামপুর মধ্যপাড়া এলাকার একটি মাঠে মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন থানায় খবর দেয়। পরে পুলিশ গিয়ে দুপুর সাড়ে ১২টার দিকে মরদেহ উদ্ধার করে। তাকে গলা কেটে হত্যা করা হয়েছে। পরে পরিবারের লোকেরা এসে লাশটি দেলোয়ার বলে শনাক্ত করে।
থানা-পুলিশ জানায়, স্থানীয় কয়েকজন গত রোববার রাতে দেলোয়ারকে বাসা থেকে ডেকে নিয়ে যায়।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্বশত্রুতার জের ধরে পরিচিতদের হাতে খুন হয়েছে দেলোয়ার। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
পুলিশ আরও জানায়, আসামিরা চিহ্নিত হয়েছে। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
তবে আসামিদের সংখ্যা বা পরিচয় জানানো হয়নি।
দেলোয়ারের মরদেহ ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।