কিশোরের বস্তাবন্দী লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিখোঁজ হওয়ার ছয় দিন পর রাশেদ খান (১৬) নামের এক কিশোরের বস্তাবন্দী অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল রোববার সকালে রাজধানীর মোহাম্মদপুরের মেট্রো হাউজিং এলাকার খালপাড় থেকে লাশটি উদ্ধার করা হয়।

আর্থিক বিরোধ নিয়ে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় নিহত কিশোরের এক ভগ্নিপতি রাহাতকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ ও নিহত কিশোরের স্বজনেরা জানান, গতকাল সকাল ১০টার দিকে খালপাড়ে একটি বস্তার ভেতর থেকে রাশেদের লাশ উদ্ধার করা হয়।  রাশেদের বাবা রায়েরবাজার এলাকায় হোটেলের ব্যবসা করেন। একই এলাকায় রাশেদ ভ্যানে করে তেহারি ও পোলাও বিক্রি করত।

রাশেদের খালু জাকির হোসেন প্রথম আলোকে বলেন, কয়েক দিন ধরে বিদেশ যাওয়ার চেষ্টা করছিল রাশেদ। এ জন্য সে বিভিন্ন জনের কাছ থেকে ধার করে রাহাতকে সাড়ে তিন লাখ টাকা দিয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত বিদেশ যেতে না পারায় টাকা নিয়ে বিবাদ সৃষ্টি হয়। এরপর গত ২ জানুয়ারি নিখোঁজ হয় রাশেদ। সন্দেহের বশে গত শনিবার রাতে পরিবারের সদস্যরা রাহাতকে ধরে পুলিশে সোপর্দ করেন। পরে রাহাতই হত্যার কথা স্বীকার করে কোথায় লাশ ফেলেছেন, তা বলেন। তাঁর কথার সূত্র ধরেই পরিবারের লোকজন পুলিশ নিয়ে গিয়ে লাশ উদ্ধার করেন। লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, লাশে পচন ধরেছে, কয়েক দিন আগেই তাকে হত্যা করা হয়েছে। মরদেহের মাথা, ঘাড়সহ শরীরের অনেক অনেক স্থান থেঁতলানো ও বিভিন্ন স্থানে জখম রয়েছে।

মোহাম্মদপুর থানার ওসি জামালউদ্দীন মীর বলেন, এ ঘটনায় রাহাত নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে, তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। টাকা-পয়সা লেনদেনসংক্রান্ত বিষয় নিয়ে ছেলেটিকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।