কিশোরের লাশ উদ্ধার
রাজধানীর কড়াইল বস্তিসংলগ্ন লেক থেকে গতকাল রোববার সকালে অজ্ঞাতপরিচয় এক কিশোরের (১৬) লাশ উদ্ধার করেছে বনানী থানার পুলিশ। এ ছাড়া মালিবাগে তিন দিন আগে বিস্ফোরণে আহত ব্যবসায়ী বশির আহমেদ (৫৮) চিকিৎসাধীন অবস্থায় গতকাল মারা গেছেন।
বনানী থানার উপপরিদর্শক (এসআই) আতাউর রহমান জানান, কড়াইল বস্তির সংযোগ সেতুর পাশের লেকে সকালে কিশোরের লাশটি ভেসে ওঠে। খবর পেয়ে লাশ উদ্ধার করা হয়। কিশোরের পরনে ছিল কালো প্যান্ট ও নীল টি-শার্ট। লাশের শরীর ফুলে গেছে। শরীরে আঘাতের কোনো চিহ্ন মেলেনি। ধারণা করা হচ্ছে, পানিতে ডুবে কয়েক দিন আগে তার মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
রামপুরা থানার পুলিশ জানায়, গত বৃহস্পতিবার একটি বিপণিবিতানের টয়লেটে বসে ধূমপানের সময় আগুন ধরে বিস্ফোরণ ঘটলে বশির আহমেদ দগ্ধ হন। গতকাল সকালে তিনি মারা গেছেন। রামপুরা থানার পরিদর্শক (তদন্ত) আলমগীর মিয়া বলেন, সম্ভবত টয়লেটে গ্যাস জমেছিল। এ কারণে সিগারেট ধরানোর পরপরই সেখানে বিস্ফোরণ ঘটে।