কিশোরের হাতে কিশোর অপহৃত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোলার দুর্গম মনপুরা উপজেলার উত্তর সাকুচিয়া ইউনিয়নে গত বুধবার এক কিশোরকে (১৩) অপহরণ করেছে আরেক কিশোর (১৪)। এরপর অপহরণকারী মুঠোফোনে অপহৃত কিশোরের বাবা-মায়ের কাছে দুই লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে।
অপহরণের কয়েক ঘণ্টার মধ্যে অপহৃত কিশোরকে উদ্ধার এবং অপহরণকারীকে আটকসহ কিছু সরঞ্জাম জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় মনপুরা থানায় একটি মামলা হয়েছে।
থানা-পুলিশ ও স্বজনেরা জানান, উপজেলার উত্তর সাকুচিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের হালিম মাস্টার বাড়ির এক কিশোর বুধবার একই বাড়ির আরেক কিশোরকে ক্রিকেট খেলা দেখানোর নাম করে ফুসলিয়ে ৪ কিলোমিটার দূরে দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নে নিয়ে যায়। সেখানে বন বিভাগের চরপাতালিয়ার বনের ঘন জঙ্গলের ভেতরে নিয়ে গাছের সঙ্গে বেঁধে রাখে। পরে তাকে হত্যার হুমকি দিয়ে মুঠোফোনের মাধ্যমে তার বাবার সঙ্গে কথা বলিয়ে দুই লাখ টাকা মুক্তিপণ পাঠাতে বলে। একটি বিকাশ নম্বরও দেয়। অপহৃত কিশোরের বাবা ঘটনাটি পুলিশকে জানান। পুলিশ বিকাশ নম্বরের সূত্র ধরে অপহৃত ও অপহরণকারী দুই কিশোরকে উদ্ধার করে। সঙ্গে একটি ধারালো অস্ত্রসহ কিছু সরঞ্জাম জব্দ করে।
অপহরণকারী কিশোর বলে, গত বছর এক দুর্ঘটনায় অপহৃত কিশোরের বাবার কাপড়ের দোকান পুড়ে গেলে দোষ পড়ে তার ওপর। সালিসে তার বাবাকে ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা করা হয়। এরই প্রতিশোধ নিতে সে এ পথ অবলম্বন করেছে।
মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন খান বলেন, অপহরণকারী কিশোর বর্তমানে থানা হেফাজতে আছে। অপহৃত কিশোর একটি অপহরণ মামলা করেছে।