কিশোর অন্তরকে হত্যার জন্যই অপহরণ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অপহরণের পর হত্যা করা হয় আলাউদ্দিন মাতুব্বর অন্তরকে (১৫)। ছবি: প্রথম আলো
অপহরণের পর হত্যা করা হয় আলাউদ্দিন মাতুব্বর অন্তরকে (১৫)। ছবি: প্রথম আলো

তারাবির নামাজ আদায়ের উদ্দেশ্যে বাসা থেকে বের হয়েছিল কিশোর আলাউদ্দিন মাতুব্বর ওরফে অন্তর (১৫)। এরপর আর বাসায় ফেরেনি। খোঁজাখুঁজি চলতে থাকে। থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। এর মধ্যে টাকা চেয়ে ফোন করে অপহরণকারীরা। তাদের চাহিদামতো ১ লাখ ৪০ হাজার টাকাও দেয় পরিবার। এরপরও শেষরক্ষা হয়নি। ১৯ দিন পর গতকাল মঙ্গলবার গ্রামের খালপাড় থেকে মাটিতে পুঁতে রাখা অন্তরের লাশ উদ্ধার হয়।

গতকাল মঙ্গলবার রাত ১১টার দিকে নগরকান্দা উপজেলার তালমা ইউনিয়নের মানিকদী গ্রামের চক এলাকায় একটি খালপাড় থেকে মাটি খুঁড়ে এই কিশোরের লাশ উদ্ধার করে নগরকান্দা থানার পুলিশ।

অন্তর তালমা ইউনিয়নের চর মানিকদী পাগলপাড়া গ্রামের বাসিন্দা। গ্রিসপ্রবাসী আবুল হোসেন মাতুব্বরের ছেলে। দুই ভাইয়ের মধ্যে অন্তর বড়। সে তালমা নাজিমউদ্দিন উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিল।

পারিবারিক সূত্রে জানা যায়, ৭ জুন রাত আটটার দিকে তারাবির নামাজ আদায়ের উদ্দেশ্যে বাসা থেকে বের হয় অন্তর। এরপর সে আর বাসায় ফিরে আসেনি। এ ঘটনায় ৮ জুন রাতে নগরকান্দা থানায় একটি জিডি করা হয়। অপহরণকারীদের চাহিদামতো ১৪ জুন রাতে ১ লাখ ৪০ হাজার টাকাও দেওয়া হয়। এরপরও সন্তানকে ফেরত না পেয়ে ১৫ জুন নগরকান্দা থানায় একটি মামলা করেন অন্তরের মা।

এ মামলার তদন্ত কর্মকর্তা নগরকান্দা থানার উপপরিদর্শক (এসআই) মো. কবির হোসেন বলেন, গতকাল রাত নয়টার দিকে এ মামলার সন্দেহভাজন আসামি হিসেবে পাগলপাগা গ্রামের দুই ভাই মাহাবুব ব্যাপারী (২৮) ও জোবায়ের ব্যাপারীকে (২৫) আটক করা হয়। মাহাবুবের দেওয়া তথ্য অনুযায়ী রাত ১১টার দিকে মানিকদী গ্রামের চক এলাকাসংলগ্ন একটি খালের পাড় থেকে মাটিচাপা দেওয়া অবস্থায় অন্তরের গলিত লাশ উদ্ধার করা হয়।

এসআই কবির হোসেন বলেন, অন্তরকে হত্যা করার জন্যই অপহরণ করেন বলে মাহবুব তথ্য দিয়েছেন। মাহবুবের তথ্য অনুযায়ী, হত্যাকাণ্ডে তিনিসহ আরও চারজন অংশ নেন। অপহরণের পর মাত্র আধা ঘণ্টার মধ্যে মানিকদী গ্রামের ওই চকে নিয়ে গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধে অন্তরকে হত্যা করা হয়। এরপর তাকে মাটিচাপা দেওয়া হয়।

মাহবুব পুলিশকে জানান, এ মামলার এক নম্বর আসামি খোকন মাতুব্বরের পরকীয়ার ঘটনা দেখে ফেলায় এবং এলাকার একটি মেয়ের সঙ্গে অন্তরের সম্পর্কের জেরে তাকে হত্যা করা হয়।