কিশোরকে কুপিয়ে জখম, দুজনকে পিটুনি দিয়ে পুলিশে দিল জনতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুকুরে গোসল করা নিয়ে ঝগড়াকে কেন্দ্র করে চট্টগ্রামের সাতকানিয়ায় এক কিশোরকে কুপিয়ে আহত করা হয়েছে। আহত কিশোরের নাম মোহাম্মদ আজম (১৭)। গত রোববার রাতে পৌরসভার সামিয়ারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। কুপিয়ে পালিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজন দুই যুবককে ধরে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছেন।
হামলাকারী দুজন হলেন মোহাম্মদ রাসেল (২৪) ও ইয়াসির আরাফাত (১৮)। তাঁরা দুই ভাই। তাঁদের বাড়ি সাতকানিয়া পৌরসভার সামিয়ারপাড়া এলাকায়। আর আহত কিশোরের বাড়ি সাতকানিয়া পৌরসভার দক্ষিণ রামপুর গাটিয়াপাড়া এলাকায়। তাকে প্রথমে কেরানীহাটের একটি ক্লিনিকে ভর্তি করা হয়। পরে সেখান থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
পুলিশ ও এলাকার বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, গত রোববার দুপুরে আজম সামিয়ারপাড়া এলাকায় সাইল্যার পুকুরে গোসল করতে যায়। এ সময় পুকুরে নূর আলম নামের আরেক ব্যক্তিও গোসল করছিলেন। পুকুরের পানি ঘোলা করা নিয়ে আজমের সঙ্গে নূর আলমের বাগ্বিতণ্ডা হয়। রাত ৮টার দিকে আজম সামিয়ারপাড়া সড়ক দিয়ে হেঁটে গাটিয়াপাড়ায় বাড়িতে ফিরছিল। সামিয়ারপাড়া ঘাটঘর এলাকায় পৌঁছার পর নূর আলমের দুই ছেলে রাসেল ও আরাফাত আজমকে ধারালো অস্ত্র দিয়ে কোপাতে থাকেন। আজমের চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে এলে দুই ভাই পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। পরে ধাওয়া দিয়ে স্থানীয় লোকজন তাঁদের ধরে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেন।
সাতকানিয়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এনামুল কবির প্রথম আলোকে বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রোববার রাতে দুই ভাই মিলে কিশোরকে কুপিয়ে আহত করেছেন। দুই ভাই এলাকায় বখাটে হিসেবে পরিচিত।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদ উদ্দিন খন্দকার প্রথম আলোকে বলেন, আটক দুজন প্রাথমিক জিজ্ঞাসাবাদে কিশোরকে কোপানোর কথা স্বীকার করেছেন।