কিশোরকে গলা কেটে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের সলঙ্গায় গত বৃহস্পতিবার রাতে হাসান আলী নামের এক কিশোরকে গলা কেটে হত্যা করেছে একদল দুর্বৃত্ত। নওগাঁ শহরের কোমাইগাড়ী মহল্লা থেকে গতকাল শুক্রবার আবদুল মোমিন নামের এক তরুণের লাশ উদ্ধার করেছে পুলিশ।
সিরাজগঞ্জে নিহত হাসান আলী (১৬) সলঙ্গা থানার আমশাড়া পশ্চিমপাড়া গ্রামের সারোয়ার হোসেনের ছেলে। গতকাল শুক্রবার সকাল সাতটার দিকে থানা-পুলিশ লাশটি উদ্ধার করেছে। সলঙ্গা থানা সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার রাতে দোকানদার হাসান আলী প্রতিদিনের ন্যায় রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। রাতের কোনো এক সময় সে ঘর থেকে বের হয়। পরে তার লাশ বাড়ি থেকে ৫০০ গজ দূরে একটি পুকুরের পাড়ে পড়ে থাকতে দেখা যায়। গতকাল সকালে পথচারীরা লাশ পড়ে থাকতে দেখে স্বজন ও পুলিশকে খবর দেয়। পুলিশ সকাল ১০টায় ঘটনাস্থলে এসে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতালে পাঠায়। তার গলা কাটা ছিল। এ ছাড়া তার বুক ও গলার নিচে দুটি গভীর ক্ষতচিহ্ন ছিল। তার বাবা সারোয়ার হোসেন বলেন, ‘ছেলে ঘুমিয়ে যাওয়ার পর আমি ঘুমাতে যাই। এরপর আমি আর কিছু জানি না।’
সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল হক জানান, পূর্বশত্রুতার জের ধরে এই হত্যাকাণ্ডটি ঘটানো হতে পারে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন।
নওগাঁ শহরে নিহত আবদুল মোমিন (২৫) বগুড়ার নন্দীগ্রাম উপজেলার বড়প্রসাদ গ্রামের আবদুর রহমানের ছেলে। তিনি নওগাঁয় গ্রামীণফোনের কাস্টমার কেয়ার সেন্টারে চাকরি করতেন। নওগাঁ সদর থানার উপপরিদর্শক (এসআই) আফজাল হোসেন জানান, লাশের পাশে অনেকগুলো ঘুমের বড়ির খালি পাতা ও কয়েকটি প্রেমের চিঠি পাওয়া যায়। পুলিশের ধারণা, প্রেমঘটিত কারণে ঘুমের বড়ি খেয়ে আবদুল মমিন আত্মহত্যা করে থাকতে পারেন। লাশ ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।