কিশোরগঞ্জ জেলা জজের কাছে চিঠি পাঠিয়ে হুমকি
কিশোরগঞ্জের জেলা জজ মো. মাহবুব-উল-ইসলাম কাছে চিঠি পাঠিয়ে জেলা ও দায়রা জজ আদালত বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা। শোলাকিয়ায় জঙ্গি হামলায় গ্রেপ্তার আনোয়ার হোসেনের রিমান্ড বাতিল এবং সাতদিন দিনের মধ্যে অন্য জঙ্গিদের মুক্তি না দিলে এ হামলা করা হবে বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।
আজ মঙ্গলবার বিকেলে এ চিঠি জেলা জজের কাছে পৌঁছে।
এদিকে হুমকির পর তাৎক্ষণিকভাবে জেলা জজের কার্যালয়ের নিরাপত্তা বাড়ানো হয়েছে।
এ ঘটনায় জেলা জজ আদালতের নাজির সেলিম চৌধুরী কিশোরগঞ্জ মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। এ ব্যাপারে সন্ধ্যায় জেলা প্রশাসক, জেল সুপার, রাষ্ট্রপক্ষের আইনজীবীসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে নিজ কার্যালয়ে বৈঠক করেছেন জেলা জজ মাহবুব-উল-ইসলাম।
কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোশারফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, বিকেলে জেলা জজ তাঁর নামে আসা একটি চিঠি খুলে হুমকির বিষয়টি জানতে পারেন। চিঠিতে প্রেরকের নাম লেখা ছিল, ‘কালা মিয়া, মনিপুরঘাট, বত্রিশ, কিশোরগঞ্জ।’