কিশোরগঞ্জ শহরে সন্ত্রাসী হামলায় সাতজন আহত
কিশোরগঞ্জ শহরে গত সোমবার রাতে সন্ত্রাসী হামলায় সাতজন আহত হয়েছেন। এ সময় ৩০টি দোকান ও বাড়িঘর ভাঙচুর করা হয়। পূর্বশত্রুতার জেরে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ। চারজনকে আটক করেছে থানা-পুলিশ।
থানা-পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, সোমবার রাত সাড়ে ৮টার দিকে ১৫-২০ জনের একটি দল মুখে গামছা ও কালো কাপড় বেঁধে শহরের নগুয়া এলাকায় সড়কে রামদা ও দেশি অস্ত্র নিয়ে হামলা চালায়। তারা পথচারীদের এলোপাতাড়ি কুপিয়ে আহত করে। এ ছাড়া সড়কের পাশে দোকানপাট ও বাড়িঘর ভাঙচুর করে। ওই এলাকাসহ শহরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আধা ঘণ্টা পর তারা এলাকা ছেড়ে চলে যায়।
হামলায় গুরুতর আহত শহরের খড়মপট্টি এলাকার মো. ফাহিম (১৭), বত্রিশ এলাকার জিসান আলম (১৮) ও হরিরামকে (১৬) ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ ছাড়া বত্রিশ এলাকার সৌমিক (২০), হিরা মিয়া (১৮), ইমরান মিয়া (১৬) ও ময়মনসিংহের নান্দাইল এলাকার উৎপলকে (১৮) কিশোরগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হয়।
কিশোরগঞ্জ সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ মুর্শেদ জামান গতকাল মঙ্গলবার সন্ধ্যা ছয়টার দিকে বলেন, মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এ ঘটনায় চারজনকে আটক করা হয়েছে।