কিশোরগঞ্জ থেকে অপহৃত এক কলেজছাত্রীকে গতকাল সোমবার চট্টগ্রাম নগর থেকে উদ্ধার করেছে পুলিশ। এ সময় এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। একই দিন টাঙ্গাইলের শহরতলি থেকে অপহরণকারী দলের সদস্য সন্দেহে দুজনকে গ্রেপ্তার করেছে র্যাব।
চট্টগ্রামে গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম মধু মিয়া (৩৮)। তাঁর বাড়ি কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার জঙ্গলবাড়ি গ্রামে। টাঙ্গাইলে গ্রেপ্তার হওয়া দুজন হলেন সদর উপজেলার কাকুয়া গ্রামের নাজমুল হাসান (৩০) ও রাঙ্গাচিরা গ্রামের রহিম বাদশা (৩২)।
কিশোরগঞ্জ মডেল থানার পুলিশ ও এজাহার সূত্রে জানা যায়, মধু মিয়া কিশোরগঞ্জ শহরের পূর্ব তারাপাশা এলাকায় একটি করাতকলে কাজ করতেন। তিনি শহরের এক কলেজপড়ুয়া মেয়েকে প্রায়ই উত্ত্যক্ত করতেন। ১৪ মার্চ কলেজে যাওয়ার পথে সকাল সাড়ে ১০টার দিকে নিউ টাউন নতুন সেতুর পাশ থেকে তিনি মেয়েটিকে অপহরণ করে সিএনজিচালিত অটোরিকশায় করে পালিয়ে যান। এ ঘটনায় মধু মিয়াকে একমাত্র আসামি করে গত রোববার মেয়েটির বড় ভাই কিশোরগঞ্জ মডেল থানায় মামলা করেন। গতকাল ভোরে এ থানার উপপরিদর্শক (এসআই) আবুল কালাম আজাদের নেতৃত্বে পুলিশের একটি দল চট্টগ্রাম নগরের খুলশী এলাকার একটি বাসা থেকে মেয়েটিকে উদ্ধার করে। এ সময় মধু মিয়াকে গ্রেপ্তার করা হয়।
মামলাটির তদন্ত কর্মকর্তা ও এসআই অজিত কুমার সরকার বলেন, আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মেয়েটি আদালতের হেফাজতে রয়েছেন।
এদিকে র্যাব-১২-এর টাঙ্গাইল ক্যাম্পের ৩ নম্বর কোম্পানি কমান্ডার বীণা রানী দাস জানান, রংপুর সদরের নিউ আদর্শপাড়ার মো. ফারুক হোসেন ও তাঁর ছেলে ফাতিন হাসনাত (১৭) টাঙ্গাইল শহরের পূর্ব আদালতপাড়ায় ভাড়া বাসায় থাকতেন। ১৫ মার্চ সকালে তাঁদের অপহরণ করা হয়। পরে টাকা আদায়ের জন্য ফারুককে ছেড়ে দেওয়া হয়। ওই দিনই র্যাব-১২-এর টাঙ্গাইলের ৩ নম্বর কোম্পানির সদস্যরা ফাতিনকে উদ্ধার করেন। এ সময় মো. নূর আলম (১৮) নামের এক অপহরণকারীকে আটক করা হয়। এ ঘটনায় ওই দিনই ফারুক হোসেন মামলা করেন। ২২ মার্চ র্যাব এ ঘটনায় জড়িত সন্দেহে সাদ্দাম হোসেন নামের একজনকে ঢাকার নর্দ্দা এলাকা থেকে গ্রেপ্তার করে। তাঁদের জবানবন্দির সূত্রধরে গতকাল নাজমুল হাসান ও রহিম বাদশাকে গ্রেপ্তার করা হয়।