কিশোরগঞ্জে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা

কিশোরগঞ্জ সদরে মো. চান মিয়া (৪২) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গত বৃহস্পতিবার রাতে কিশোরগঞ্জ সদরের সতাল পাক্কার মাথা এলাকায় হত্যার এ ঘটনা ঘটে। হত্যার ঘটনায় জাকির হোসেন (২৭) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। এ বিষয়ে থানায় হত্যা মামলা হয়েছে।
নিহত চান মিয়া সদরের যশোদল ইউনিয়নের আমাটি শিবপুর গ্রামের মৃত আব্দুল মোতালিবের ছেলে। তিনি কাঠমিস্ত্রি হিসেবে কাজ করার পাশাপাশি কবিরাজি করতেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, চান মিয়া বাজার থেকে বাড়ি ফেরার পথে জাকির হোসেন তার মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেন। স্থানীয় লোকজন আশঙ্কাজনক অবস্থায় চান মিয়াকে উদ্ধার করে কিশোরগঞ্জ সদর জেনারেল হাসপাতালে নেন। সেখানে তিনি মারা যান। এ ঘটনায় চান মিয়ার স্ত্রী আসমা আক্তার বাদী হয়ে মামলা করেন।
কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু শামা মো. ইকবাল হায়াত বলেন, কবিরাজি সংক্রান্ত বিষয়ে চান মিয়ার ওপর ক্ষুব্ধ ছিলেন জাকির।
জাকিরকে শুক্রবার আদালতে পাঠানো হয়েছে।