কিশোরগঞ্জে ওষুধের ৩২ বিক্রয় প্রতিনিধিকে অর্থদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জে বিভিন্ন ওষুধ কোম্পানির ৩২ বিক্রয় প্রতিনিধিকে এক হাজার টাকা করে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ রোববার সকালে কিশোরগঞ্জ জেলা হাসপাতালে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে অর্থদণ্ড দেওয়া হয়। এ ঘটনায় বিক্রয় প্রতিনিধিদের সংগঠন ফারিয়ার সদস্যরা বিকেলে সিভিল সার্জনের অপসারণ চেয়ে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করে।

ভ্রাম্যমাণ আদালত ও হাসপাতাল সূত্রে জানা যায়, জেলার সরকারি হাসপাতালসহ বেসরকারি হাসপাতালগুলোতে সকাল থেকে বিকেল পর্যন্ত বিক্রয় প্রতিনিধিদের উপস্থিতিতে সরব থাকে। এতে কোনো কোনো ক্ষেত্রে চিকিৎসকদের স্বাভাবিক চিকিৎসাসেবা ব্যাহত হয়। সাধারণ জনগণ থেকে এমন অভিযোগ পাওয়ার পর আজ বেলা ১১টার দিকে জেলা হাসপাতালে ভ্রাম্যমাণ আদালত গিয়ে অভিযোগের সত্যতা পান। প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট আবু তাহের মো. সাঈদ ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন। অর্থদণ্ড দেওয়ার পর তাঁদের কালেক্টরেট অফিসে নিয়ে আসা হয়। সেখানেই জরিমানা আদায় করা হয়। এ সময় ভবনের নিচতলা তালাবদ্ধ করে তাঁদের চার ঘণ্টা আটকে রাখা হয়। এরপর জেলা আইনজীবী সমিতির সভাপতি ও পাবলিক প্রসিকিউটর শাহ আজিজুল হকের হস্তক্ষেপে তাঁরা ছাড়া পান। ছাড়া পাওয়ার পর জেলা প্রশাসন ভবন থেকে বের হয়ে তাঁরা শহরের প্রধান সড়কে বিক্ষোভ করে আখড়া বাজার এলাকার ফারিয়া কার্যালয়ে যান। সেখানে তাঁরা প্রতিবাদ সমাবেশও করেন।

ফারিয়া জেলা কমিটির প্রধান উপদেষ্টা মিজানুর রহমান বলেন, ‘চিকিৎসা এবং চিকিৎসকের সঙ্গে বিক্রয় প্রতিনিধিদের যোগসূত্র না ঘটলে ভালো সেবা দেওয়ার সুযোগ নেই। আমরা সব সময় চিকিৎসকদের সহযোগিতায় করে আসছি। এমনকি বিভিন্ন প্রয়োজনও মিটিয়ে আসি। এ অবস্থায় এতগুলো বিক্রয় প্রতিনিধিকে একসঙ্গে আটক করে অর্থদণ্ড দেওয়ায় সবার মনোবল ভেঙে গেছে।’ মিজান আরও বলেন, ‘আমাদের ধারণা এ ঘটনার সঙ্গে সিভিল সার্জনের হাত রয়েছে। সে কারণে আমরা তাঁর অপসারণ চেয়ে বিক্ষোভ করেছি।’

অভিযোগের বিষয়ে কিশোরগঞ্জের সিভিল সার্জন মৃণাল কান্তি দে প্রথম আলোকে বলেন, বেলা একটার পর বিক্রয় প্রতিনিধিদের হাসপাতালে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে। তখন রোগী না থাকলে চিকিৎসকদের সঙ্গে দেখা করার কথা। বাস্তবে উল্টো। সকাল থেকে বিকেল পর্যন্ত তাঁরা হাসপাতালে অবস্থান করায় চিকিৎসা দিতে সমস্যা হয়। তবে আদালত পরিচালনার সঙ্গে তাঁর কোনো যোগসূত্র নেই বলে তিনি জানান।