কিশোরগঞ্জে গৃহবধূকে গলা কেটে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় এক গৃহবধূকে গত রোববার রাতে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল সোমবার সকালে শোয়ার ঘর থেকে তাঁর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।
নিহত গৃহবধূর নাম খালেদা আক্তার (২৮)। তিনি ডাঙ্গাপাড়া গ্রামের আজাহারুল ইসলামের স্ত্রী। পুলিশ ও স্থানীয় বাসিন্দা সূত্র জানায়, খালেদার স্বামী আজাহারুল রংপুরের গঙ্গাচড়া উপজেলার নোহালী পশ্চিমপাড়া কচুয়া জামে মসজিদের ইমাম। তিনি কর্মস্থলে ছিলেন। ঘটনার রাতে সাড়ে পাঁচ বছরের ছেলে খালেদ সাইফুল্লাহর সঙ্গে খালেদা ঘুমিয়ে পড়েন। এলাকাবাসী বলেন, খালেদ সাইফুল্লাহর কান্নাকাটি শুনে প্রতিবেশীরা এসে ঘরের দরজা খোলা দেখতে পান। ভেতরে বিছানার ওপর খালেদার গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় গলা কাটা লাশ পড়ে ছিল। পরে এলাকাবাসী তাঁর স্বামী ও পুলিশকে খবর দেয়। খালেদার স্বামী আজাহারুল ইসলাম বলেন, স্ত্রীর সঙ্গে মুঠোফোনে প্রতিদিন তাঁর কথা হতো। ঘটনার রাতেও কথা হয়েছে। ভোরে তিনি হত্যার খবর জানতে পান।
কিশোরগঞ্জ থানার ওসি বজলুর রশিদ বলেন, পেটে ছুরিকাঘাত করে ও গলা কেটে গৃহবধূকে হত্যা করা হয়েছে।