কিশোরগঞ্জে চাল ব্যবসায়ীকে পিটিয়ে হত্যার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের সদর উপজেলায় প্রতিপক্ষ পিটিয়ে আবু তাহের মিয়া (৬৫) নামের এক চাল ব্যবসায়ীকে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত সোমবার রাতে জেলা শহরের বড় বাজারে এ ঘটনা ঘটে। চাঁদপুরে গতকাল মঙ্গলবার এক ভিক্ষুককে গলা কেটে হত্যার চেষ্টা করা হয়েছে।
কিশোরগঞ্জে নিহত আবু তাহেরের বাড়ি সদর উপজেলার মধুনগর গ্রামে। তিনি বড় বাজারে চালের ব্যবসা করতেন।
নিহত ব্যক্তির পরিবারের সদস্য ও কিশোরগঞ্জ সদর থানা সূত্র জানায়, আবু তাহেরের নাতি বিপুল মিয়া (১৪) সোমবার রাত সাড়ে নয়টার দিকে বড় বাজারের একটি দোকান থেকে ব্রেসলেট কিনতে যায়। ব্রেসলেটের দরদাম করার সময় দোকানি ইয়াসিন মিয়ার সঙ্গে বিপুলের তর্ক হয়। দোকানির সঙ্গে তর্কের বিষয়টি বিপুল তার দাদা আবু তাহেরকে জানায়। তাহের নাতিকে নিয়ে ওই দোকানে গিয়ে ইয়াসিনের কাছে তর্কের কারণ জানতে চান। এই নিয়ে দুজনের মধ্যে আবার তর্ক শুরু হয়। কথা-কাটাকাটির একপর্যায়ে ইয়াসিনকে বিপুল ঘুষি মারে। ইয়াসিন তখন দোকানে থাকা বাইসাইকেলের চেইন দিয়ে দাদা ও নাতিকে আঘাত করতে থাকে। মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে আবু তাহের মাটিতে লুটিয়ে পড়েন। কিশোরগঞ্জ জেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই আবু তাহেরের মৃত্যু হয়। আবু তাহেরের মৃত্যুর পর থেকে ইয়াসিনের মুঠোফোন বন্ধ থাকায় তাঁর সঙ্গে যোগাযোগ করা যায়নি। বিপুল শহরের নিউ টাউন মহল্লার বাসিন্দা।
কিশোরগঞ্জ সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম জানান, এই ঘটনায় গতকাল আবু তাহেরের ছেলে আবদুস ছাত্তার বাদী হয়ে হত্যা মামলা করেছেন। মামলায় ইয়াসিনকে আসামি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী শাকিল আহমেদ জানান, গতকাল বেলা সাড়ে তিনটায় চাঁদপুর সদর উপজেলার বালিয়া ইউনিয়নের ফরক্কাবাদ বাজারে তাজুল হোসেন (৬০) নামের এক ভিক্ষুকের গলা কেটে হত্যার চেষ্টা করা হয়েছে। হাবিব তালুকদার (৩৮) নামের এক মাদকসেবী তাঁকে হত্যার চেষ্টা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় স্থানীয় জনতা হাবিবকে আটক করে চাঁদপুর সদর থানায় সোপর্দ করেছে। ভিক্ষুক তাজুল হোসেনের বাড়ি ফরিদগঞ্জ উপজেলার সেকদী গ্রামে। তাঁকে চাঁদপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।