কিশোরগঞ্জে ছেলের হাতে বাবা খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় তৌহিদ্দি মিয়া (৬৫) নামের এক কৃষককে তাঁর ছেলে শ্বাসরোধ করে হত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। পারিবারিক কলহের জের ধরে গত শুক্রবার দিবাগত রাতে উপজেলার উত্তর দুরাকুটি জয়নুন কোটপাড়া গ্রামে ওই ঘটনা ঘটে। পুলিশ ছেলেকে গতকাল শনিবার আটক করেছে।
প্রতিবেশী ও পুলিশ সূত্রে জানা গেছে, কৃষক তৌহদ্দি মিয়ার এক ছেলে ও চার মেয়ে। চার মেয়ের বিয়ে হয়েছে। স্ত্রী আমেনা বেগম দুই বছর আগে মারা গেছেন। তৌহদ্দি একমাত্র ছেলে আমিনুল ইসলামের (৩০) সংসারে থাকেন। সম্প্রতি আমিনুলের স্ত্রী গোলাপি শ্বশুর তৌহদ্দিকে পৃথক করে দেওয়ার জন্য স্বামীকে চাপ দেন। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে বচসার সৃষ্টি হলে গোলাপি তাঁর ছেলে গোলাপকে নিয়ে তাঁর বাবার বাড়িতে চলে যান। স্ত্রী চলে যাওয়ার পর এ নিয়ে বাবা ও ছেলের মধ্যে বিবাদের সৃষ্টি হয়। ওই বিবাদের জের ধরে গত শুক্রবার রাতের কোনো একসময় আমিনুল তাঁর বাবাকে শ্বাসরোধ করে হত্যা করেন।
এ ব্যাপারে কিশোরগঞ্জ থানার হাজতে আটক আমিনুল ইসলামের সঙ্গে কথা বলতে চাইলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।