কিশোরগঞ্জে নকল ওষুধ ও প্রসাধনী জব্দ
কিশোরগঞ্জ থেকে প্রায় পাঁচ লাখ টাকার নকল ওষুধ ও প্রসাধনসামগ্রী উদ্ধার করেছে র্যা ব। এ ঘটনায় দুজনকে আটক করা হয়। শহরের বত্রিশ আমলীতলা এলাকায় গতকাল বুধবার র্যা ব এ অভিযান চালায়।
আটক ব্যক্তিরা হলেন শহিদুল ইসলাম ও শহীদুল হক। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁদের দুই বছর করে কারাদণ্ড ও তিন লাখ টাকা করে জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়।
র্যা ব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের অধিনায়ক মেজর মো. রিয়াদুল ইসলাম জানান, ভ্রাম্যমাণ আদালতের বিচারক ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু তাহের সাঈদ।
র্যা ব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্প সূত্র জানায়, গোপন সূত্রে র্যা ব খবর পায় কয়েকটি চক্র বাসা ভাড়া নিয়ে নামীদামি কোম্পানির সিল ও মোড়ক ব্যবহার করে নকল ওষুধ ও প্রসাধনসামগ্রী তৈরি করে বাজারজাত করছে। গতকাল ভোরে বত্রিশ আমলীতলা মহল্লার একটি বাড়িতে অভিযান চালানো হয়। ওই সময় একটি ফ্ল্যাটে গিয়ে নকল ওষুধ, প্রসাধনী, উপকরণ ও যন্ত্রাংশ জব্দ করা হয়।
র্যা ব আরও জানায়, শহিদুল ইসলাম নরসিংদীর ব্রাহ্মন্দি মহল্লার এবং শহীদুল হক কিশোরগঞ্জ সদর উপজেলার রশিদাবাদ গ্রামের বাসিন্দা। তারা বাড়ি ভাড়া নিয়ে ‘মা কেমিক্যাল কোম্পানি’ পরিচালনা করে আসছিল। কোম্পানিটির বিএসটিআই অনুমোদন নেই। বিভিন্ন নামীদামি কোম্পানির সিল ও মোড়ক নকল করে তাদের উৎপাদিত পণ্য বাজারজাত করে আসছিল। পরে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তা ধ্বংস করা হয়। আটক দুজনকে কিশোরগঞ্জ কারাগারে পাঠানো হয়েছে।