কিশোরগঞ্জে নববধূর লাশ উদ্ধার, আটক ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় ফজিলা বেগম (২০) নামের এক নববধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার বেলা ১১টার দিকে উপজেলার নিতাই ইউনিয়নের বাড়িমধুপুর কুটিয়ালপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি কক্ষ থেকে লাশটি উদ্ধার করা হয়। পুলিশের ধারণা, ফজিলাকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
ফজিলা বেগম ওই ইউনিয়নের ডাঙ্গাপাড়া গ্রামের ফজলে মাহমুদের মেয়ে এবং একই ইউনিয়নের বাড়িমধুপুর কুটিয়ালপাড়া গ্রামের বাচ্চু মিয়ার স্ত্রী।
এলাকাবাসী সূত্রে জানা যায়, বিদ্যালয়ে শিক্ষার্থীরা আসার আগে গতকাল সকালে ওই কক্ষে ফজিলা বেগমের লাশ পড়ে থাকতে দেখে লোকজন। পরে খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে।
ফজিলার বড় বোন লতিফা বেগম বলেন, ছয় মাস আগে পাশের বাড়িমধুপুর কুটিয়ালপাড়া গ্রামের বাচ্চু মিয়ার সঙ্গে ফজিলার বিয়ে হয়। শ্বশুরবাড়িতেই থাকতেন তিনি। স্বামী শ্রমিকের কাজে কুমিল্লায় যাওয়ায় তিন দিন আগে বাবার বাড়িতে বেড়াতে আসেন। গত শনিবার বিকেল থেকে ফজিলাকে পাওয়া যাচ্ছিল না। গতকাল সকালে শ্বশুরবাড়ির এলাকায় অবস্থিত ওই বিদ্যালয়ে তাঁর লাশ পাওয়া যায়।
কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মফিজুল হক গতকাল বিকেলে মুঠোফোনে বলেন, ময়নাতদন্তের জন্য লাশ নীলফামারী আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। লাশের গলায় ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চি‎হ্ন পাওয়া গেছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এ ঘটনায় জড়িত সন্দেহে বাড়িমধুপুর কুটিয়ালপাড়া গ্রামের রফিকুল ইসলাম (৫৫) নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে। ফজিলার স্বামী বাচ্চু মিয়ার বাড়ির পাশে রফিকুল ইসলামের বাড়ি।
সহকারী পুলিশ সুপার (সৈয়দপুর সার্কেল) জিয়াউর রহমান বলেন, পূর্বশত্রুতার জের ধরে ফজিলা বেগমকে কেউ হত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।