কিশোরগঞ্জে পাওনা টাকা আদায় ঘিরে যুবক খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রতীকী ছবি

পাওনা টাকা আদায়কে কেন্দ্র করে কিশোরগঞ্জের হোসেনপুরে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে তাইজুল ইসলাম (৩৫) নামের এক যুবক খুন হয়েছেন। মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার হাজিপুর বাজারে এ ঘটনা ঘটে। নিহত তাইজুলের বাড়ি ওই উপজেলার গড়মাছুয়া-নামাপাড়া গ্রামে। 

স্থানীয় সূত্রে জানা গেছে, পাওনা টাকা আদায় নিয়ে সন্ধ্যার দিকে হাজিপুর বাজার এলাকার পারভেজের সঙ্গে তাইজুলের ভাতিজা শামীমের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে পারভেজ ও তাঁর লোকজন শামীমকে মারধর শুরু করেন। এ সময় শামীমের চাচা তাইজুলসহ কয়েকজন এগিয়ে গেলে তাঁদেরও দেশীয় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করা হয়। আহত ব্যক্তিদের উদ্ধার করে হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাইজুলকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আহত আমিনুল ইসলাম (৪০), জালাল উদ্দিন (৪০) ও শামীমকে (২৫) চিকিৎসার জন্য কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ মোস্তাফিজুর রহমান বলেন, তাইজুলের লাশ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন।