কিশোরগঞ্জে বাসে পেট্রলবোমা হামলার ঘটনায় মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জে যাত্রীবাহী বাসে পেট্রলবোমা হামলায় ১১ যাত্রী দগ্ধ হওয়ার ঘটনায় মামলা হয়েছে। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় কিশোরগঞ্জ সদর মডেল থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলাটি করেন উপপরিদর্শক (এসআই) শাহাদাত হোসেন।

মামলায় সদর উপজেলা জামায়াতের আমির মোশারফ হোসেনকে প্রধান আসামি করা হয়েছে। এ ছাড়া মামলায় জামায়াত ও বিএনপির ১৬ নেতা-কর্মীর নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ১২ থেকে ১৫ জনকে আসামি করা হয়েছে।

এই ঘটনায় আজ সন্দেহভাজন দুজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোশারফ হোসেন। তবে তিনি আটক ব্যক্তিদের নাম-পরিচয় জানাতে রাজি হননি।

এদিকে, দগ্ধ ১১ জনের মধ্যে সিলেট সদরের জাহেদা বেগম (৪০), বরিশালের দীপু রায় (২৩) এবং নেত্রকোনার মদন উপজেলার কমদশ্রী গ্রামের আ. মালেককে (৩৫) আজ সকালে মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে।

৪০ জনের মতো যাত্রী নিয়ে নেত্রকোনা থেকে সিলেট যাওয়ার সময় গতকাল বুধবার রাত সোয়া ১১টার দিকে ভৈরব-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কে কিশোরগঞ্জ সদর উপজেলার চৌদ্দশত এলাকায় বাসে পেট্রলবোমা হামলা করা হয়।