কিশোরগঞ্জে মা-ছেলের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের নিকলী উপজেলার ছাতিরচর ইউনিয়নের পুরানহাটি গ্রামে বাসা থেকে আজ বুধবার তিন বছরের শিশুসহ এক মায়ের লাশ উদ্ধার করেছে পুলিশ। মায়ের নাম শুকতারা বেগম (২২) ও শিশুটির নাম মাহিম (৩)। এ ঘটনায় পুলিশ শুকতারার স্বামী মাসুদ মিয়াকে (৩০) আটক করেছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ছয় বছর আগে শুকতারার সঙ্গে একই ইউনিয়নের পুরানপাড়া গ্রামের মাসুদের বিয়ে হয়। গতকাল মঙ্গলবার রাতে খাবার খেয়ে সন্তানকে নিয়ে মাসুদ ও শুকতারা ঘুমিয়ে পড়েন। আজ বুধবার সকালে মাসুদ ঘুম থেকে উঠে দেখেন, তার স্ত্রী-সন্তান ঘুমিয়ে আছেন। পরে মাসুদ তাঁদের ডাকাডাকি করেও কোনো কোনো সাড়া না পেয়ে চিৎকার শুরু করেন। পরে এলাকার লোকজন গিয়ে দেখেন, মা ও শিশু দুজনই মারা গেছে। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।
পুলিশ জানায়, লাশ দুটির শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। গতকাল মঙ্গলবার রাত নয়টার দিকে শুকতারার বাবা রজব আলীর বাড়ি থেকে তরকারি ও ভাত পাঠানো হয়েছে। সে খাবারের কিছু অবশিষ্ট অংশ রাসায়নিক পরীক্ষার জন্য ঢাকা মহাখালী পরীক্ষাগারে পাঠানো হবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। ময়নাতদন্তের জন্য দুটি লাশ কিশোরগঞ্জ সদর আধুনিক হাসপাতালে পাঠানো হয়েছে।
নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন প্রথম আলোকে বলেন, ময়নাতদন্ত ও রাসায়নিক পরীক্ষার প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক রহস্য উদ্‌ঘাটিত হবে। জিজ্ঞাসাবাদের জন্য শুকতারার স্বামী মাসুদকে আটক করা হয়েছে।