কিশোরগঞ্জে সংঘর্ষে দুই ভাই নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জ সদর উপজেলার বৌলাই ইউনিয়নে দুই পক্ষের সংঘর্ষে আবদুল আলী (৪৫) ও তাঁর ভাই আবু সিদ্দিক (৪০) নিহত হয়েছেন। এ সময় নারী ও শিশুসহ উভয় পক্ষের আহত হয়েছেন অন্তত ৩৫ জন।

রোববার বিকেল পাঁচটার দিকে বৌলাই ইউনিয়নের পূর্ব বরাটি গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, পূর্বশত্রুতার জের ধরে এলাকার কাঞ্চন মিয়া ও ব্যবসায়ী আবদুল মালেকের মধ্যে দীর্ঘদিন ধরে এলাকার নানা বিষয় নিয়ে শত্রুতা চলছিল। এ নিয়ে মামলা-মোকদ্দমাও হয়েছে। তা ছাড়া একটি ধর্ষণ মামলা নিয়ে সম্প্রতি তাঁদের বিরোধ আরও বাড়ে। এর জের ধরে বিকেলে কাঞ্চন গ্রুপ ও মালেক গ্রুপের মধ্যে সংঘর্ষ বাধে। ঘণ্টাব্যাপী এ সংঘর্ষে উভয় পক্ষ দেশীয় অস্ত্র রামদা, বল্লম নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সংঘর্ষে মালেক গ্রুপের আবদুল আলী ও তাঁর ভাই আবু সিদ্দিক গুরুতর আহত হন। স্থানীয় লোকজন ওই দুই ভাইকে উদ্ধার করে কিশোরগঞ্জ সদর জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন। এ সংঘর্ষে উভয় পক্ষের আরও অন্তত ৩৫ জন আহত হন। তাঁদের মধ্যে ফাতেমা আক্তার, কাঞ্চন মিয়া, অনুফা আক্তার, ছালেহা বেগমসহ আটজনকে কিশোরগঞ্জ সদর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মীর মোশাররফ হোসেন বলেন, পূর্ববিরোধের জের ধরে এ সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় দুই পক্ষের কয়েকজনকে আটক করা হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। ফের সংঘর্ষ এড়াতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। ওসি আরও বলেন, দুজনের মরদেহ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।