কিশোরগঞ্জে সন্ত্রাসী হামলায় আটজন আহত, গ্রেপ্তার ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জে চাঁদা না দেওয়ায় গত রোববার রাতে ব্যাটারিচালিত ইজিবাইকের চালকদের ওপর হামলা চালিয়েছে একদল দুর্বৃত্ত। এতে আটজন চালক আহত হন। এ সময় স্থানীয় লোকজন এক ব্যক্তিকে দেশীয় পিস্তলসহ আটক করে পুলিশে দিয়েছে।

এদিকে চালকদের ওপর ওই হামলা ও চাঁদাবাজির প্রতিবাদে গতকাল সোমবার জেলা শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। জেলা ইজিবাইক শ্রমিক ইউনিয়ন নামের একটি সংগঠন ওই কর্মসূচি পালন করে। এর অংশ হিসেবে বিকেলে ইজিবাইকের চালক ও সংগঠনের নেতারা জেলা শহরের গৌরাঙ্গবাজার এলাকার রংমহল সিনেমা হলের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করেন। এটি বিভিন্ন সড়ক ঘুরে একই জায়গায় সমাবেশে মিলিত হয়। আজ মঙ্গলবার কিশোরগঞ্জ-করিমগঞ্জ সড়ক ও কিশোরগঞ্জ-মরিচখালী সড়কে সকাল-সন্ধ্যা ধর্মঘটের ঘোষণা দিয়েছেন চালকেরা।

সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন ইজিবাইক শ্রমিক ইউনিয়ন সংগঠনের উপদেষ্টা মো. এনামুল হক ও নূরুল হুদা, সভাপতি মাহতাব উদ্দিন, সাধারণ সম্পাদক আবদুল হাই প্রমুখ।

বক্তারা বলেন, কিছুদিন ধরে কিশোরগঞ্জ-করিমগঞ্জ সড়কের জেলা পরিষদ-সংলগ্ন এলাকায় বাংলাদেশ অটোরিকশা শ্রমিক লীগ নামের একটি সংগঠনের নাম করে কতিপয় সন্ত্রাসী ইজিবাইকচালকদের কাছ থেকে চাঁদা আদায় করছে। চালকেরা চাঁদা দিতে অস্বীকার করলে সন্ত্রাসীরা ইজিবাইকসহ দিনভর তাঁদের আটকে রাখে এবং মারধর করে। বিষয়টি থানায় জানালে রোববার রাত ১০টার দিকে ১০-১২ জন সন্ত্রাসী অস্ত্রসহ নাকভাঙা নামক স্থানে কয়েকজন চালকের ওপর হামলা চালায়। এতে মো. মুহিবুল্লাহ, হৃদয় মিয়া, অলিউল্লাহসহ আটজন চালক আহত হন। তাঁদের মধ্যে মুহিবুল্লাহ ও হৃদয়কে কিশোরগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যরা স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। হামলার সময় স্থানীয় লোকজন ঘটনাস্থল থেকে এনামুল নামের একজনকে পিস্তলসহ আটক করে পুলিশে সোপর্দ করে।

বক্তারা আরও বলেন, বিভিন্ন সড়কে চাঁদাবাজদের অত্যাচারে প্রতিদিনই চালকেরা নানাভাবে নির্যাতিত ও নিপীড়িত হচ্ছেন। এর প্রতিবাদে চালকেরা আজ মঙ্গলবার ধর্মঘট পালন করবেন এবং জেলা প্রশাসকের বরাবর স্মারকলিপি দেবেন।

কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শওকত জাহান বলেন, হামলার ঘটনায় সংগঠনটির সহসভাপতি রেনু মিয়া নয়জনের বিরুদ্ধে মামলা করেছেন। অস্ত্রসহ গ্রেপ্তার হওয়া এনামুলকে আদালতের মাধ্যমে গতকাল জেলা কারাগারে পাঠানো হয়েছে।

অপরাধ