কিশোরগঞ্জে হামলার মামলায় চতুর্থ শ্রেণির ছাত্রও আসামি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের করিমগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে একটি পরিবারের ১০ জনকে আহত ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় মামলার পর প্রতিপক্ষ দরিদ্র পরিবারটির বিরুদ্ধে পাল্টা মামলা দিয়েছে। সেই মামলার আসামি চতুর্থ শ্রেণির এক ছাত্রও।

ঘটনার শিকার পরিবারটির সদস্যরা গতকাল শুক্রবার এক সংবাদ সম্মেলন করে এসব অভিযোগ তুলে ধরেন। সকালে কিশোরগঞ্জ প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান করিমগঞ্জ উপজেলার উরদিঘী গ্রামের বাসিন্দা তাওহিদুল ইসলাম। তিনি বলেন, একই গ্রামের মহিউদ্দিন খান মলাই (৬৫), জলাই খান (৬৩) ও সেলিম সরকারের (৩৫) সঙ্গে জমিজমা নিয়ে তাঁদের মামলা চলছে। এলাকায় প্রভাবশালী এ পক্ষটি প্রায়ই তাঁদের হুমকি দিয়ে আসছিল। এর জের ধরে গত ২৮ জুন ভোরে ওই তিনজনের নেতৃত্বে কয়েকজন ব্যক্তি রামদা, ছোরা, রডসহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তাওহিদের বাড়িতে হামলা চালায়। এ সময় তাওহিদুলের পাশাপাশি সুফিয়া খাতুন, হবি মিয়া, নজরুল ইসলাম, মতিউর রহমান, সামছুন্নাহার, ছালেক মিয়া, জুয়েনা আক্তার, আক্কাছ মিয়া ও হাবিবুর রহমানকে কুপিয়ে ও পিটিয়ে আহত করে হামলাকারীরা। এ ছাড়া দুটি ঘর ভেঙে পাশের ডোবায় ফেলে দেয় তারা, যার আনুমানিক দাম ১ লাখ ২০ হাজার টাকা।

লিখিত বক্তব্যে আরও বলা হয়, এ ঘটনায় তাওহিদুল বাদী হয়ে ১ জুলাই করিমগঞ্জ থানায় মহিউদ্দিন খান, জলাই খান, সেলিম সরকারসহ ১৩ জনের নামে মামলা করেছেন। কিন্তু হামলাকারীরা উল্টো মিথ্যা হামলার ঘটনা সাজিয়েছে এবং তাওহিদুলের পরিবারের ১৯ জনকে আসামি করে করিমগঞ্জ থানায় একই দিনে পাল্টা মামলা করেছে। আসামিদের মধ্যে রয়েছে স্থানীয় ‘রোজফ্লাওয়ার’ কিন্ডারগার্টেন স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্র আহমেদ নাদিমও, যার বয়স মাত্র ১০ বছর। সে একই এলাকার মতিউর রহমানের ছেলে।

অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে চাইলে পাল্টা মামলার বাদী সেলিম সরকার বলেন, তাওহিদের লোকজনই ঘটনার দিন ভোরে তাঁর একটি ঘরে আগুন লাগিয়ে দেয়। এ কারণেই সংঘর্ষ বাধে। এতে তাঁদের পক্ষেরও কয়েকজন আহত হওয়ায় তিনি মামলা করেছেন।

এদিকে শিশু নাদিমসহ এ মামলার ১২ আসামি গত বুধবার আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন। আদালত তা মঞ্জুর করেছেন।

দুটি মামলারই তদন্ত কর্মকর্তা করিমগঞ্জ থানার এসআই মাহাবুল ইসলাম। চতুর্থ শ্রেণির ছাত্রকে আসামি করার ব্যাপারে তিনি বলেন, মামলা রেকর্ড করার সময় বিষয়টি তাঁদের জানা ছিল না। কারণ মামলার এজাহারে নাদিমের বয়স দেখানো হয়েছে ২০।