কিশোরগঞ্জে ২৩ প্রার্থীকে জরিমানা
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে কিশোরগঞ্জ সদর, হোসেনপুর ও করিমগঞ্জ পৌরসভার ২৩ প্রার্থীকে ১ লাখ ৪৬ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। তাঁদের মধ্যে সাতজন মেয়র প্রার্থী ও ১৬ জন কাউন্সিলর প্রার্থী।
কিশোরগঞ্জ সদর উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক আবু তাহের মো. সাঈদ গতকাল রোববার রাতে পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে অভিযান চালিয়ে ছয় কাউন্সিলর প্রার্থীর প্রত্যেককে ১০ হাজার টাকা করে মোট ৬০ হাজার টাকা জরিমানা করেন। আচরণবিধি না মেনে দেয়ালে পোস্টার লাগানোর দায়ে পাঁচ প্রার্থীকে এবং সভা করায় আরেক প্রার্থীকে এই জরিমানা করা হয়।
হোসেনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তরফদার সোহেল রহমান বলেন, গতকাল এই পৌরসভায় পাঁচ মেয়র প্রার্থী ও ১০ কাউন্সিলর প্রার্থীকে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে মোট ৪১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
করিমগঞ্জ পৌরসভা নির্বাচনের দায়িত্বে থাকা রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা মঞ্জুরুল আলম বলেন, আচরণবিধি লঙ্ঘনের দায়ে আজ সোমবার পৌরসভার আওয়ামী লীগ প্রার্থী কামরুল ইসলাম চৌধুরীকে ১৫ হাজার এবং আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ও বর্তমান মেয়র আবদুল কাইয়ুমকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।