কিশোরগঞ্জে ৫টি মণ্ডপে প্রতিমা ভাঙচুর
কিশোরগঞ্জে পাঁচটি মণ্ডপে দুর্গামূর্তি ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। আজ বৃহস্পতিবার ভোরে কোনো একসময় পৌর শহরের বত্রিশ মহল্লায় এ ঘটনা ঘটে।
স্থানীয় কয়েকজন লোক বলেন, নগুয়া বকুলতলা, অনির্বাণ সংঘ, নতুন পল্লী সংঘ, গোপাল ভবন ও হরিজন পল্লীর সার্বজনীন মণ্ডপগুলো বত্রিশ মহল্লার কাছাকাছি এলাকায় অবস্থিত। দুর্গাপূজা উপলক্ষে এ মণ্ডপগুলোতে প্রতিমা তৈরির কাজ চলছে। কারিগরেরা আজ সকালে মণ্ডপে গিয়ে প্রতিমাগুলো ভাঙা অবস্থায় দেখতে পান।
গোপাল ভবন মণ্ডপের উদ্যোক্তা রিপন রায় বলেন, ‘প্রতিটি মণ্ডপে কারিগরেরা রাত আড়াইটা পর্যন্ত কাজ করে তিনটার মধ্যে সবাই ঘুমাতে যান। আমাদের ধারণা, দুর্বৃত্তরা ভোরের দিকে প্রতিমা ভেঙেছে।’ এ ঘটনায় তাঁরা এখন আতঙ্কিত বলে জানান।
নতুন পল্লী সংঘ মণ্ডপের সভাপতি লিটন চন্দ্র ঘোষ জানান, ২৯ বছর ধরে তাঁরা নতুন পল্লী সংঘের মাধ্যমে দুর্গাপূজা উদযাপন করে আসছেন। এর আগে কখনো প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেনি। এবার কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে, তা তাঁরা ধারণা করতে পারছেন না বলে জানান।
অনির্বাণ সংঘ মণ্ডপের সাধারণ সম্পাদক রাধাকান্ত ভট্টাচার্য বলেন, দুবৃর্ত্তরা তাঁদের মণ্ডপের দুর্গা, গণেশ ও কার্তিক প্রতিমার মাথা ভেঙে ফেলেছে।
কিশোরগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার লিটন কুমার সাহা বলেন, পুলিশ সুপারসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা পাঁচটি মণ্ডপে গিয়ে মূর্তি ভাঙচুরের সত্যতা পেয়েছেন। এসব ঘটনার পর প্রতিটি মণ্ডপে নিরাপত্তা জোরদার করা হয়েছে। অভিযুক্ত ব্যক্তিদের ধরার চেষ্টা করছে পুলিশ।