কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ১৪৪ ধারা
কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার পাকুন্দিয়া বালিকা উচ্চবিদ্যালয় মাঠ ও এর আশপাশের এলাকায় ১৪৪ জারি করেছে প্রশাসন। একই স্থানে একই সময় আওয়ামী লীগের দুটি পক্ষ সভা ডাকায় প্রশাসন এ পদক্ষেপ নিয়েছে।
আজ শনিবার সকাল থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই আদেশ কার্যকর থাকবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোশারফ হোসেন মুঠোফোনে প্রথম আলোকে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
ওই সভা ঘিরে ক্ষমতাসীন দলটির উপজেলা পর্যায়ের নেতা-কর্মীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।
দলীয় নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, ১৫ বছর ধরে পাকুন্দিয়া উপজেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি নেই। আহ্বায়ক কমিটি দিয়ে কাজ চলছে। আহ্বায়কও পদত্যাগ করে দল থেকে দূরে আছেন। এ অবস্থায় দুই যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম ও মোতাহার হোসেন দলের কার্যক্রম চালাচ্ছেন। বিষয়টি দলের অনেকে মেনে নিতে পারেননি। বিশেষ করে স্থানীয় সাংসদ সোহরাব হোসেনের অনুগত নেতা-কর্মীরা বর্তমান নেতৃত্বের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। দলীয় কোন্দলের চরম অবস্থায় করণীয় নির্ধারণ করতে আহ্বায়ক কমিটি আজ সকাল ১০টায় পাকুন্দিয়া বালিকা উচ্চবিদ্যালয় মাঠে বর্ধিতসভা ডাকে। উপজেলা ছাত্রলীগ ও শ্রমিক লীগ জোটবদ্ধ হয়ে একই স্থানে মতবিনিময় সভা করার অনুমতি চেয়ে প্রশাসনে কাছে আবেদন করে। এ অবস্থায় অপ্রীতিকর ঘটনার আশঙ্কায় পাকুন্দিয়া বালিকা উচ্চবিদ্যালয় মাঠ ও এর আশপাশের এলাকায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।
উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন বলেন, ‘আমরা অভিভাবক সংগঠন। বর্ধিতসভা করার জন্য এক সপ্তাহ আগ থেকে প্রচার চালিয়ে আসছি। হঠাৎ করে দুটি অঙ্গসংগঠন আমাদের চ্যালেঞ্জ করে বসেছে। এটা রাজনৈতিক শিষ্টাচারের মধ্যে পড়ে না।’
বর্ধিতসভার বিপরীতে মতবিনিময় সভা আহ্বানকারী আওয়ামী লীগের অঙ্গসংগঠন দুটির নেতা-কর্মীরা স্থানীয় সাংসদের অনুগত বলে অভিযোগ করেন মোতাহার হোসেন।
অপর দিকে বর্তমান আহ্বায়ক কমিটিকে সাবেক সাংসদ এম এ মান্নানের অনুগত বলে দাবি করেছে উপজেলা ছাত্রলীগ।
ছাত্রলীগের আহ্বায়ক এখলাস উদ্দিন দাবি করেন, আওয়ামী লীগের সভা আহ্বানের আগে তাঁরা প্রচার শুরু করেন। সভা করার বিষয়ে ছাড় না দিয়ে আওয়ামী লীগও তাঁদের সঙ্গে অভিভাবকসুলভ আচরণ করেনি।
সকাল সাড়ে ১০টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত পাকুন্দিয়া বালিকা উচ্চবিদ্যালয় মাঠে কর্মসূচি পালন করা থেকে উভয় পক্ষকে বিরত থাকতে দেখা গেছে। তবে উভয় পক্ষ জানিয়েছে, দিনের যেকোনো সময় যেকোনো স্থানে তারা নির্ধারিত কর্মসূচি পালন করবে।